লোকসভায় পাস ২টি বিল, বিরোধী হই-হট্টগোলে টানা নবম দিন কার্যত অচল সংসদ

নয়াদিল্লি: বিরোধীদের হই-হট্টগোলে টানা নবম দিনের জন্য ভণ্ডুল হল সংসদের স্বাভাবিক কাজকর্ম। এর মধ্যেই লোকসভায় দুটি বিল পাস হল। এদিন সভা বসতেই পিএনবি কেলেঙ্কারি, অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ স্টেটাস ও কোটা বৃদ্ধির দাবিতে ওয়েলে নেমে প্রতিবাদ জানাতে থাকেন টিআইএস। তাদের সঙ্গ দেয় শাসক শিবিরের শরিক টিডিপি।
প্রথমে দুপুর পর্যন্ত সভা মুলতুবি করেন স্পিকার সুমিত্রা মহাজন। সভা ফের মিলিত হওয়ার পর বিরোধীদের বিক্ষোভ পুনরায় চালু হয়। এরমধ্যেই গ্র্যাচুইটি সংশোধনী বিল এবং বিশেষ ক্ষতিপূরণ সংশোধনী বিল ধ্বনি-ভোটের মাধ্যমে পাস করিয়ে নেয় শাসক দল।
বিল পাস করানোর আগে আলোচনার প্রস্তাব দেন কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। কিন্তু, কংগ্রেসের অন্যান্য সাংসদরা সেই সময় প্রতিবাদে ব্যস্ত ছিলেন। কেন্দ্রের সংসদ-বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার বিরোধীদের উদ্দেশ্যে শান্ত থাকার আহ্বান করেন। যদিও, তাতে কোনও লাভ হয়নি। বিরোধীদের হই-হট্টগোলের ফলে বাধাপ্রাপ্ত হয় প্রশ্নোত্তর-পর্বও। অবশেষে দিনের মতো সভা মুলতুবি করেন স্পিকার।
একই চিত্র ধরা পড়ে রাজ্যসভাতেও। সেখানেও কক্ষের মধ্যে হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে শুরু করেন বিরোধী সাংসদরা। চেয়ারম্যান পিজে ক্যুরিয়েন উঠে দাঁড়িয়ে বিরোধীদের আহ্বান করেন শান্তি বজায় রাখতে এবং কক্ষের স্বাভাবিক কাজ হতে দিতে। কিন্তু, বিরোধীদরা নিজেদের দাবিতে অনড় থাকায় দিনের তো সভা মুলতুবি করেন তিনি।
























