এক্সপ্লোর
কৃত্রিমভাবে তেলের দামে বদল আনা চলবে না, ওপেক সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী

ছবি সৌজন্যে ট্যুইটার
নয়াদিল্লি: সব দেশ যাতে সুলভ মূল্যে তেল পায়, সেটা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক স্তরে সহমত গড়ে তোলার পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৬-তম আন্তর্জাতিক জ্বালানি সম্মেলনে তিনি বলেছেন, ‘সারা বিশ্ব দীর্ঘদিন ধরে তেলের দামের ওঠা-নামা দেখছে। আমাদের দাম নির্ধারণের ক্ষেত্রে অনেক বেশি দায়িত্ববান হতে হবে। তেল উৎপাদনকারীদের পাশাপাশি উপভোক্তাদের স্বার্থও দেখতে হবে। তেল ও গ্যাসের ক্ষেত্রে আরও স্বচ্ছ ও নমনীয় বাজার তৈরি করতে হবে। একমাত্র তাহলেই আমরা সবচেয়ে ভালভাবে মানুষের জ্বালানির চাহিদা পূরণ করতে পারব।’ এই সম্মেলনে প্রধানমন্ত্রী যখন বক্তব্য পেশ করেন, তখন দর্শকদের মধ্যে ছিলেন সৌদি আরব, ইরান, কাতার সহ তেল রফতানিকারী দেশগুলির (ওপেক) মন্ত্রীরা। তাঁদের সামনেই প্রধানমন্ত্রী বলেন, ‘ইতিহাস দেখিয়ে দিয়েছে, কৃত্রিমভাবে তেলের দামে বদল আনার চেষ্টার ফলে ক্ষতিই হয়েছে। এর ফলে উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলি বাধার মুখে পড়েছে। তেল উৎপাদনকারী ও আমদানিকারীদের পারস্পরিক স্বার্থরক্ষা করার জন্যই সিদ্ধান্ত নেওয়া উচিত। এই মঞ্চকে ব্যবহার করে আমাদের সারা বিশ্বে দায়িত্বশীলভাবে তেলের দাম নির্ধারণের পক্ষে সহমত গড়ে তোলা উচিত।’ সম্প্রতি জানা গিয়েছে, সৌদি আরব ও রাশিয়া তেলের দাম কমানোর লক্ষ্যে সরবরাহ কমানোর স্বল্পমেয়াদী চুক্তি করার কথা ভাবছে। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারী দেশ। চাহিদা মেটানোর জন্য ৮০ শতাংশ তেল আমদানি করে ভারত। সেই কারণে আন্তর্জাতিক স্তরে তেলের দাম বাড়লে ভারতের উদ্বেগ স্বাভাবিক।
আরও পড়ুন
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
























