এক্সপ্লোর
একমাত্র কমিউনিস্টরাই আদর্শের ভিত্তিতে ভোটে লড়ে, প্রশংসা বিজেপি নেতার

গুয়াহাটি: একমাত্র বামপন্থীরাই আদর্শের ভিত্তিতে ভোটে লড়ে বলে অভিমত জানালেন বিজেপি নেতা শেষাদ্রি ছারি। এখানে এক আলোচনাসভায় আরএসএসের মুখপত্র অর্গানাইজার-এর প্রাক্তন সম্পাদক বামেদের ভূয়সী প্রশংসা করেন। সব দল মূল্যবোধের ভিত্তিতে নির্বাচনে লড়া শুরু করলে তাতে সমাজের ভাল হবে, যদিও তা এই মূহূর্তে হচ্ছে না বলে অভিমত জানান তিনি। বিজেপি জাতীয় কর্মসমিতির সদস্য ছারি বলেন, বিজেপি বা আরএসএসের লোক হয়েও আমার বলতে দ্বিধা নেই, একমাত্র কমিউনিস্ট দলগুলিই আদর্শকে হাতিয়ার করে ভোটে লড়ে, আর কোনও দল তা করে না। তবে কমিউনিস্ট পার্টিগুলির অন্য দোষ আছে। যদিও সে ব্যাপারে তিনি বিস্তারিত ব্যাখ্যা করেননি। ছারি বলেন, একটা কথাই আছে যে, প্রেম, যুদ্ধ, রাজনীতিতে সবই ন্যায্য। সকলে জানতে চায়, কে জিতল। সত্যিই যদি আমরা ডান বা বাম না হয়ে প্রতিনিধিত্বমূলক রাজনীতির কথা ভাবি, তবে সেই রাজনীতি সমাজে বিভাজন ঘটায় না। তিনি বলেন , জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী হওয়ার সময় কেউ প্রশ্ন করেনি, তিনি কি ব্রাহ্মণ, না তা নন। ধীরে ধীরে জাতপাতের রাজনীতি ঢুকল। কংগ্রেস ক্রমশ ভোটব্যাঙ্কের রাজনীতিতে নামল, জাতপাতের ইস্যু চলে এল। আজকাল পরিচিতি সত্ত্বার রাজনীতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যদিও সব দলেই এমন লোকজন আছে, যারা জাতপাতের রাজনীতিতে বিশ্বাস করে না, তাও স্বীকার করেন ছারি। গত বছর সেপ্টেম্বরে বিজেপি সভাপতি অমিত শাহও কমিউনিস্টদের প্রশংসা করেছিলেন। ভুবনেশ্বরে তিনি বলেছিলেন, দেশে স্বাধীনতার পর থেকে প্রায় ১৬৫০টি রাজনৈতিক দল রয়েছে। কিন্তু অভ্যন্তরীণ গণতন্ত্র আছে শুধু বিজেপিতে, কমিউনিস্টদের মধ্যে, আর কোনও দলে নেই।
আরও পড়ুন
























