রনথম্ভোরে ২টি বাঘের মৃত্যু

জয়পুর: এবার রনথম্ভোর জাতীয় উদ্যানে দুটি বাঘের মৃত্যু হল। বন দফতরের আশঙ্কা, এলাকা দখল নিয়ে অন্য বাঘের সঙ্গে লড়াইয়ে মৃত্যু হয়েছে বাঘ দুটি। তবে, ময়না তদন্তের পরই আসল কারণ জানা যাবে।
জানা গিয়েছে, সাড়ে তিন বছর বয়সী বাঘ দুটি ‘টি-৭৯’ নামের বাঘিনীর শাবক। গতকাল সোয়াই মান সিংহ অভয়ারণ্যের আনোয়ার-কি-খাড় থেকে তাদের দেহ উদ্ধার করা হয়। রমথম্ভোরের ফিল্ড ডিরেক্টর ওয়াই কে শাহু বলেন, অন্য একটি পুরুষ বাঘের হাতে মৃত্যু হয়েছে বাঘ দুটির।
ওই কর্তা জানান, বাঘের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আকছাড় এধরনের এলাকা দখলকে ঘিরে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ছে বাঘগুলি। বর্তমানে রনথম্ভোরে বাঘের সংখ্যা প্রায় ৭০। বন দফতরের মতে, একটি পুরুষ বাঘ নিজের জন্য ১০-১২ বর্গকিলোমিটার জায়গা নির্ধারণ করে। সেখানে অন্য কোনও পুরুষ বাঘকে প্রবেশ করতে দেয় না।
গত মে মাসে এই দুটি বাঘের ছবি উঠেছিল। প্রসঙ্গত, একমাসের মধ্যে এই নিয়ে চারটি বাঘের মৃত্যু হল রাজ্যে। এর আগে, গত ২০ মার্চ, ‘এসটি-১১’ নামে সরিসকার এক পুরুষ বাঘ চোরাশিকারীদের পাতা কাঁটাতারের গলা আটকে মারা যায়। পরের দিন, রনথম্ভোরে আরেকটি পুরুষ বাঘের মৃত্যু হয়। ঘুম পাড়ানি ওষুধ দিয়ে তাকে নিষ্ক্রিয় করার সময় তা মারা যায়।
























