PM Modi : পশ্চিম এশিয়ায় সংঘর্ষের জেরে সংকট, দেশবাসীর উদ্দেশে বড় বার্তা প্রধানমন্ত্রীর...
West Asia Conflict : যুদ্ধের জন্য তৈরি হওয়া সংকটের মোকাবিলা কীভাবে করতে হবে তা নিয়ে বললেন তিনি।

নয়াদিল্লি : পশ্চিম এশিয়ায় এখনও জারি যুদ্ধ। ইরানের সঙ্গে ইজরায়েল-আমেরিকার সংঘর্ষে দাঁড়ি পড়েনি। এদিকে, দিন দিন ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি সংকটের আশঙ্কা তীব্র হচ্ছে। যদিও এনিয়ে বারবার আশ্বস্ত করছে ভারত সরকার। পর্যাপ্ত মজুত আছে বলে জানানো হয়েছে। শুধু তা-ই নয়, গতকাল বিভিন্ন রাজ্য়ের মুখ্য়মন্ত্রীর সঙ্গে এনিয়ে ভার্চুয়াল বৈঠকও করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 'টিম ইন্ডিয়া' হয়ে কাজ করলে, এই পরিস্থিতিও সাফল্য়ের সঙ্গে মোকাবিলা করা যাবে। পশ্চিম এশিয়ায় যুদ্ধের ফলে তৈরি পরিস্থিতিতে বিভিন্ন রাজ্য়ের মুখ্য়মন্ত্রীদের সঙ্গে বৈঠকে এমনই মন্তব্য় করেন প্রধানমন্ত্রী। এবার ফের যুদ্ধের জন্য তৈরি হওয়া সংকটের মোকাবিলা কীভাবে করতে হবে তা নিয়ে বললেন তিনি। সভায় রাখা তাঁর সেই বক্তব্যের ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
এদিন প্রধানমন্ত্রী বলেন, "এখন যে যুদ্ধ চলছে, তার থেকে তৈরি হওয়া সংকটের মোকাবিলা কীভাবে করতে হবে ? তা নিয়ে আমি সংসদে বিস্তারিত বলেছি। কাল, দেশের সব মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে। খুব ইতিবাচক আলোচনা হয়েছে। আজ সব জনতা-জনার্দনকে আবার বলব, দেশবাসীকে ফের বলব, আমাদের শান্ত মনে, ধৈর্য ধরে, একজোট হয়ে...মিলেমিশে এই সংকটের মোকাবিলা করতে হবে। পুরো বিশ্বজুড়ে সমস্যা সৃষ্টি করার মতো সংকট। আমাদের নিজেদের দেশকে নিয়ে সবথেকে বেশি চিন্তা করতে হবে। এটাই ভারতীয়দের সবথেকে বড় শক্তি। আমি উত্তরপ্রদেশের... দেশের সব রাজনৈতিক দলের কাছে আবেদন জানাচ্ছি, এই রকম সংকটে এমন কথা বলবেন না যা দেশের জন্য ক্ষতিকারক হতে পারে। যাতে ভারতের মঙ্গল হবে, সেটাই ভারত সরকারের নীতি এবং রণনীতি।"
मेरी कल देश के सभी मुख्यमंत्रियों से भी लंबी चर्चा हुई है और बड़ी सकारात्मक चर्चा हुई है।
— Yogi Adityanath (@myogiadityanath) March 28, 2026
मैं आज आप सभी जनता-जनार्दन से फिर कहूंगा, मैं देशवासियों से फिर से कहूंगा, हमें शांत मन से, धैर्य के साथ, एकजुटता के साथ, मिलजुल करके इस संकट का सामना करना है: आदरणीय प्रधानमंत्री श्री… pic.twitter.com/Pdik0uA7jX
'টিম ইন্ডিয়া' হয়ে কাজ করলে, এই পরিস্থিতিও সাফল্য়ের সঙ্গে মোকাবিলা করা যাবে। পশ্চিম এশিয়ায় যুদ্ধের ফলে তৈরি পরিস্থিতিতে বিভিন্ন রাজ্য়ের মুখ্য়মন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে গতকাল এই মন্তব্য় করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে সাপ্লাই চেন যেন মসৃণভাবে কাজ করে এবং কালোবাজারি ও মজুতদারদের বিরুদ্ধে কড়া ব্য়বস্থা নেওয়ার ওপর জোর দেন প্রধানমন্ত্রী। ভোটমুখী পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, অসম, পুদুচেরি বাদে সব মুখ্যমন্ত্রীরা বৈঠকে যোগ দিয়েছিলেন। সূত্রের খবর, বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক ও বাণিজ্যিক স্থিতিশীলতা বজায় রাখা, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, শিল্প ও সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করা এবং নাগরিকদের স্বার্থ রক্ষা করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকার শীর্ষে রয়েছে।
সেরা শিরোনাম





















