Supreme Court : প্রতিবাদের অধিকার আছে বলেই কি দিনের পর দিন জায়গা দখল করে বসে থাকা যায়? প্রশ্ন সুপ্রিম কোর্টের
প্রতিবাদ কর্মসূচির জন্য কিছু কিছু জায়গা নির্দিষ্ট থাকে ঠিকই, কিন্তু সে-ক্ষেত্রেও নির্দিষ্ট সময়সীমা থাকা প্রয়োজন। পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের।

নয়াদিল্লি: প্রতিবাদ করার অধিকার সকলের রয়েছে। তবে অধিকার প্রয়োগের নামে দিনের পর দিন কি কোনও জায়গা দখল করে বসে থাকা যায় ? প্রশ্ন করল সুপ্রিম কোর্ট। কোনও ব্যক্তি বা সংগঠন অনির্দিষ্টকালের জন্য কোনও নির্দিষ্ট স্থান দখল করে রাখতে পারে না। প্রতিবাদ কর্মসূচির জন্য কিছু কিছু জায়গা নির্দিষ্ট থাকে ঠিকই, কিন্তু সে-ক্ষেত্রেও নির্দিষ্ট সময়সীমা থাকা প্রয়োজন। পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। যন্তর মন্তরের প্রতিবাদ কর্মসূচি নিয়ে একটি মামলার শুনানিতে মঙ্গলবার এই মন্তব্য করেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। গত মাস থেকেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে তোলপাড় রাজধানী। এই প্রতিবাদের আবহেই গত ১২ অক্টোবর দিল্লিতে বিক্ষোভ দেখানোর জন্য় যে জায়গাগুলো নির্দিষ্ট করা ছিল, তার মধ্য়ে থেকে হঠাৎই 'যন্তরমন্তর'কে বাদ দিয়ে দেয় দিল্লি পুলিশ! তবে এই মামলাটি তার আগের একটি প্রতিবাদ জমায়েতের ঘটনাকে কেন্দ্র করে।
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে গত মাসে যন্তরমন্তরে প্রতিবাদ জানায় বিজেপি বিরোধী দলগুলি। সেই কর্মসূচি নিয়েই একটি মামলা ওঠে সুপ্রিম কোর্টে । তখনও যন্তরমন্তরে প্রতিবাদ জানানোয় নিষেধাজ্ঞা আরোপ হয়নি। ওই মামলার শুনানির সময় প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, কোনও একটি জায়গা অনির্দিষ্টকালের জন্য দখল করে রাখা যায় না। কারণ, প্রতিবাদ করার অধিকার যেমন একদল মানুষের রয়েছে, তেমনই অন্যদেরও সেই অধিকার রয়েছে। প্রধান বিচারপতির প্রশ্ন, একটি নির্দিষ্ট জায়গা যদি দীর্ঘদিন ধরে কেউ দখল করে রাখেন, তাহলে কৃষক বা আইনজীবীদের মতো অন্য প্রতিবাদকারীরা কোথায় যাবেন? প্রতিবাদ করার অধিকার তো সকলের জন্য সমানভাবে থাকা উচিত।
এদিন কেন্দ্রীয় সরকারের পক্ষে সওয়াল করতে গিয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, যাঁরা কোনও বিক্ষোভ বা প্রতিবাদ কর্মসূচির ডাক দেবেন, সেই কর্মসূচির জেরে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে তার দায়ভারও তাঁদেরই নিতে হবে। শুনানিতে ২০ জুলাইয়ের প্রতিবাদ কর্মসূচির প্রসঙ্গও উঠে আসে। তুষার মেহতা আদালতকে জানান, ওই বিক্ষোভের জন্য মাত্র একদিনের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু অনুমতির নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও বিক্ষোভকারীরা সেখানে অবস্থান চালিয়ে যান। এমনকী, তাঁরা সংসদ পর্যন্ত মিছিল করেছিলেন । তুষার মেহতা বলেন, সংসদ কোনও সাধারণ রাজনৈতিক ভবন নয়। সেখানে এভাবে মিছিল করে যাওয়া যায় না। যেমন সুপ্রিম কোর্টেও কেউ মিছিল করে ঢুকে পড়তে পারে না।
Before You Go
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP






















