এক্সপ্লোর
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে খেলেছেন ১৩ জন ‘ভারতীয়’ ক্রিকেটার!

নয়াদিল্লি: গতকাল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া। কিন্তু দু’দলের ২২ জন ক্রিকেটারের মধ্যে ছিলেন ১৩ জন ভারতীয়। ভারতীয় দলে স্বাভাবিকভাবেই ১১ জনই ভারতীয় ক্রিকেটার ছিলেন। অস্ট্রেলিয়া দলেও ছিলেন দু’জন ভারতীয় বংশোদ্ভুত ক্রিকেটার। অস্ট্রেলিয়ার যুব দলের অধিনায়ক জেসন সাংঘাই ভারতীয় বংশোদ্ভুত। অপর এক ক্রিকেটার পরম উপ্পলও ভারতীয় বংশোদ্ভুত। জেসনের বাবা কুলদীপ সাংঘা পঞ্জাবের ভাটিন্ডা জেলার বাসিন্দা। তিনি এখনও সেখানেই থাকেন। তবে জেসন জন্ম থেকেই অস্ট্রেলিয়ায় আছেন। ১৯৯৯ সালের ৮ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলশে তাঁর জন্ম হয়। অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটকিপার-ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্টকে আদর্শ করে বেড়ে উঠেছেন জেসন। এবারের বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স দেখিয়ে তিনি দলকে ফাইনালে তোলেন। তবে ফাইনালে ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি জেসন। তাঁর দলও ভারতের সামনে দাঁড়াতে পারেনি। সহজেই জিতে গিয়েছে ভারত। ১৯৯৮ সালের ২৫ অক্টোবর চণ্ডীগড়ে জন্ম হয় পরমের। তাঁর বাবা দেবীন্দর উপ্পল হাইকোর্টের আইনজীবী ছিলেন। তিনি ক্লাব স্তরে ক্রিকেট খেলতেন। তিনি ২০০৩ সালে অস্ট্রেলিয়ার সিডনিতে চলে যান। এরপর থেকে তাঁরা সেখানেই আছেন। পরম অবশ্য এর আগেই সিডনিতে তাঁর মায়ের কাছে চলে গিয়েছিলেন। তিন বছর বয়স থেকেই অস্ট্রেলিয়ায় আছেন পরম। ফলে তিনি অস্ট্রেলিয়ার হয়েই খেলছেন।





















