IND vs NZ: 'চেনা গণ্ডির বাইরে বেরনো দরকার', নিউজ়িল্যান্ড সিরিজ়পূর্বে বড় বার্তা ভারতীয় কোচের
Indian Cricket Team: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় আপাতত ৫১.৫২ শতাংশ পয়েন্ট নিয়ে চারে রয়েছে ভারতীয় দল।

ওয়েলিংটন: তৃতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলায় বদ্ধপরিকর ভারতীয় দল (Indian Cricket Team)। তবে সেই তালিকায় আপাতত বেশ খানিকটা পিছিয়েই রয়েছে টিম ইন্ডিয়া। টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় আপাতত ৫১.৫২ শতাংশ পয়েন্ট নিয়ে চারে রয়েছে ভারতীয় দল। এমন পরিস্থিতিতে ভারত এক মহাগুরুত্বপূর্ণ সিরিজ়ে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ) মাঠে নামতে চলেছে। সেই সিরিজ়ের আগেই ভারতীয় বোলিং কোচ মর্নি মর্কেল (Morne Morkel) দাবি করলেন ভারতকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে হলে নিজেদেরকে চেনা পরিচিত, আরামদায়ক গণ্ডি থেকে বেরতে হবে।
মর্কেল জানান বেশ কয়েকটি ম্যাচের ফলাফল আশানুরূপ না হওয়ায় ভারতীয় দলে সাজঘরে তিনি অনেককেই হতাশ এবং আহত দেখেন। পাশাপাশি তিনি এও জানান যে মহাতারকাদের অবসরের পরে ভারতীয় টেস্ট দল এখনও সম্পূর্ণরূপে সেটেল হতে পারিনি। তাঁর দাবি, 'আমরা লাল বলের ক্রিকেটে একগুচ্ছ তারকাকে হারানোর পর এখনও দল গড়ছি। তবে কিছু কিছু ম্য়াচের যা ফলাফল হয়েছে, আমরা যেমনভাবে খেলেছি, তাতে আমাদের দলের অনেকেই আহত এবং হতাশ। আমরা সকলে জানি যে এর থেকে দল হিসাবে আমরা যথেষ্ট ভাল।'
আরও পড়ুন:- অবসর নেওয়ার পরের দিন অনুরাগীদের সঙ্গে ধোনি, বিশেষভাবে করলেন উদযাপন, ভাইরাল হল ভিডিও
তবে পরিস্থিত বদলের জন্য দলের অন্দরে আলোচনা হয়েছে এবং পরবর্তী সপ্তাহ দু'য়েকে ভারতীয় দল ভাল ক্রিকেট খেলতে বদ্ধপরিকর বলেও জানান মর্কেল। ভারতের বোলিং কোচ জানান, 'আমরা নিজেদের মধ্যে কথাবার্তা বলেছি, অনেক আলোচনা করেছি। ব্যক্তিগতভাবে আমার দিক থেকে আমি বলব যে সিরিজ়ে মাত্র দুইটি টেস্ট ম্যাচ থাকায় আমি খানিকটা হতাশ। আমি আরেকটু বেশি লাল বলের ক্রিকেট হোক চাইছিলাম, তবে সেটা নিয়ে তো আর কিছু করার নেই। আমরা পরবর্তী ১০, ১২, ১৩ দিনে ভাল ক্রিকেট খেলতে আগ্রহী।'
ভারতীয় বোলিং কোচের দাবি এই চেনা গণ্ডির বাইরে বেরনোটা বোলারদেরই বেশি করে প্রয়োজন। তাঁর মতে, ফাইনালে খেলতে হলে আমাদের আরও একটু বেশি চেষ্টা করতে হবে। নিজেদের আরও একটু বেশি করে চেনা গণ্ডির বাইরে যেতে হবে, যেখানে হয়তো এর আগে আমরা কখনও যাইনি। প্রয়োজনের সময় যদি উইকেট নেওয়ার জন্য কোনও বোলারের আরও বাড়তি দুই বা তিন ওভার বল করার দরকার হয়, আরেকটু খাটতে হয়, তাহলে সেটা করতে হবে।




















