Suryakumar Yadav: জিতেশকে বাদ দিয়ে ঈশানকে দলে নেওয়ার সিদ্ধান্তটা কার ছিল? ফাঁস করলেন সূর্যকুমার
Suryakumar On Ishan: ঈশান ঘরোয়া ক্রিকেটে যে ছন্দে ছিলেন, সেই ছন্দেই কুড়ির ফর্ম্য়াটের বিশ্বকাপেও ব্যাট করেছিলেন। কিন্তু ঈশানকে দলে নেওয়াটা না কি পুরোটাই সূর্যর সিদ্ধান্ত ছিল।

মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) আগেও তিনিই ছিলেন এই ফর্ম্য়াটে ভারতীয় দলের অটোমেটিক চয়েস। প্রত্যেকটি সিরিজেই খেলেছেন। নিজেও আশা করেছিলেন যে বিশ্বকাপের স্কেয়াডে তাঁর জায়গা হবেই। কিন্তু শেষ মুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ সদস্যের ভারতীয় দলে জায়গা করে নিতে পারেননি জিতেশ শর্মা। ভেঙে পড়েছিলেন, হতাশ হয়েছিলেন। নিজেও সে কথা জানিয়েছিলেন। কিন্তু জিতেশকে না নিয়ে ঈশান কিষাণকে দলে নেওয়াটা যে ভুল সিদ্ধান্ত ছিল না, তা পরের এক মাসে সবাই দেখতে পেরেছেন। ঈশান ঘরোয়া ক্রিকেটে যে ছন্দে ছিলেন, সেই ছন্দেই কুড়ির ফর্ম্য়াটের বিশ্বকাপেও ব্যাট করেছিলেন। কিন্তু ঈশানকে দলে নেওয়াটা না কি পুরোটাই সূর্যর সিদ্ধান্ত ছিল। ভারত অধিনায়ক নিজেই সে কথা জানালেন।
সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে সূর্যকুমার বলেন, ''ঈশানকে দলে নেওয়ার কলটা আমার ছিল। আমি মনে করেছিলাম ও এক্স ফ্যাক্টর হতে পারে দলের জন্য। আমি নিজে রিস্ক নিয়েই এই সিদ্ধান্তটা নিয়েছিলাম। কারণ ঈশানের ডোমেস্টিক পারফরম্য়ান্সটা দেখেছিলাম। তবে জিতেশের জন্য খারাপও লেগেছে। ও তার আগের এক বছর ধরে দলের অঙ্গ ছিল। প্রত্যেকটি সিরিজেই খেলেছে। তাই ওর দলে সুযোগ না পাওয়াটা খারাপ লাগারই কথা।''
সূর্যকুমারের নেতৃত্বেই ভারতীয় ক্রিকেট দল তৃতীয়বারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। প্রথমবার কোনও দেশ আয়োজক হয়েও এই টুর্নামেন্টে খেতাব ঘরে তুলল। সূর্য বলছেন, ''আমি নিজেও কিছুটা দুঃখিত ছিলাম জিতেশকে বাদ দিয়ে ঈশানকে দলে নেওয়ার সিদ্ধান্তে। কিন্তু আমাদের একজন আক্রমণাত্মক ওপেনার প্রয়োজন ছিল দলে, তাই ঈশানকে আমরা বেছে নিয়েছিলাম।'' সূর্য বলেন, ''আমি ঈশানকে প্রশ্ন করেছিলাম, ছোটু বিশ্বকাপ জেতাবে? ঈশান আমাকে পাল্টা জিজ্ঞাসা করেছিল, 'বিশ্বাস করবে?', সূর্যকুমার আরও বলেন 'চল বিশ্বাস করলাম'।
ঈশান কিষাণ ৯ ম্যাচে ৩১৭ করেছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপে। ১৯০ স্ট্রাইক রেটে ব্য়াটিং করেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্য়াটারদের তালিকায় চতুর্থ সর্বোচ্চ গড় ছিল ঈশানের।
প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট সঞ্জু স্যামসনের প্রশংসাও শোনা গেল সূর্যকুমারের মুখে। ভারত অধিনায়ক বলেন, ''শুরুর দিকে প্রথম একাদশেই সুযোগ মেলেনি সূর্যকুমারের। কিন্তু পরে সুযোগটাকে যেভাবে কাজে লাগিয়েছে, তা অসাধারণ। ও দুর্দান্ত একজন প্রতিভা। আর সবথেকে বড় দারুণ মনের মানুষ। আমি খুব খুশি যে দলের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে ও নিজের অবদান রাখতে পেরেছে।''



















