IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ভারতকে? কী বলছেন সূর্যর কোচ?
T20 World Cup 2026: ইংল্যান্ডও এখনও পর্যন্ত গোটা টুর্নামেন্টে শুধুমাত্র ক্য়ারিবিয়ানদের বিরুদ্ধেই একটি মাত্র ম্য়াচে হেরেছে। ওয়াংখেড়েতে বৃহস্পতিবারের ম্য়াচ যথেষ্ট হাইভোল্টেজ মহারণ হতে চলেছে।

মুম্বই: ইংল্যান্ডের বিরুদ্ধে আগামীকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে খেলতে নামছে ভারত। এখনও পর্যন্ত টুর্নামেন্টে একটি ম্য়াচই হেরেছে ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার এইটের মহারণে সেই হার এসেছিল। যদিও এরপর জিম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্য়াচ জিতে যায় টিম ইন্ডিয়া, আর সেমিতে জায়গা করে নেয় তারা। অন্য়দিকে ইংল্যান্ডও এখনও পর্যন্ত গোটা টুর্নামেন্টে শুধুমাত্র ক্য়ারিবিয়ানদের বিরুদ্ধেই একটি মাত্র ম্য়াচে হেরেছে। এই পরিস্থিতিতে ওয়াংখেড়েতে বৃহস্পতিবারের ম্য়াচ যথেষ্ট হাইভোল্টেজ মহারণ হতে চলেছে।
এদিকে, ম্য়াচের আগে ভারতীয় দলের ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের ছোটবেলার কোচ মনে করেন ভারত ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে অবশ্যই পৌঁছবে। তাঁর ছাত্রের চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত ব্য়াট সেভাবে চলেনি। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি মাত্র ম্য়াচে অর্ধশতরানের ইনিংস এসেছে সূর্যর। তবে সূর্যর কোচ অশোক অসওয়ালকার বলছেন, ''আমি আশাবাদী যে ভারত ফাইনালে পৌঁছবে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ ম্যাচটি আমাদের কাছে ডু অর ডাই ম্য়াচ ছিল। সেই চাপের ম্য়াচটি জিতে গিয়েছে ভারত। তাই খোলা মনেই খেলতে নামবে দল ইংল্যান্ডের বিরুদ্ধে। আমাদের ব্যাটিং লাইন আপ যথেষ্ট শক্তিশালী। কিন্তু আমাদের বোলিং লাইন আপ নিয়েই প্রশ্ন ছিল। তবে এখন দল সেমিফাইনালে পৌঁছে যাওয়ায় সবাই চাইবে নিজেদের সেরাটা দিতে মাঠে। আর মাত্র দুটো ম্য়াচ জিতলেই আমরা চ্যাম্পিয়ন হব। সেই লক্ষ্যেই মাঠে নামা উচিৎ।''
হাইভোল্টেজ সেমিফাইনালের আগে সূর্যর সঙ্গে কথা হয়েছে? অশোক বলছেন, ''আমি সাধারণত একটিই মেসেজ ওকে দিয়ে থাকি, তা হল নিজের স্বভাবসিদ্ধ খেলাটাই যেন খেলে ও। দলের বাকি ব্যাটাররাও বেশ সাবলীল। তাই আলাদা করে চাপ নেওয়ার কিছু নেই।''
বুধবার সন্ধে বেলায় ছয়টা থেকে নয়টার স্লটে ভারতের অনুশীলন করার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টারও অধিক সময় পরে ভারতীয় দল অনুশীলনে নামে। চন্দ্রগ্রহণের জন্য়ই পিছিয়ে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দলের অনুশীলনের সময়। সাপোর্ট স্টাফের কয়েকজন সদস্য এবং অনেক কোচ আগে মাঠে নামলেও, প্রায় ৭.২০ নাগাদ ভারতীয় ক্রিকেটাররা মাঠে নামেন। তারপর শুরু হয় দলের অনুশীলন। এমনকী মাঠের বাতিস্তম্ভগুলিও অনেক দেরি করে জ্বালানো হয়। ৬.৫০ নাগাদ ভারতীয় দলের অনুশীলনে নামার কয়েক মিনিট আগেই ওয়াংখেড়ের কয়েকটি বাতিস্তম্ভ জ্বালানো হয়। গোটা মাঠের বাকি আলোগুলি জ্বালানো হয় আরও পরে।



















