ICC Women's World Cup: ভারতীয় মহিলা দলের বিশ্বকাপ জয়ের পরেই বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল আইসিসি
ICC: আইসিসির সিদ্ধান্তে ফের একবার বিশ্বব্যাপী মহিলাদের ক্রিকেটের উন্নতির প্রচেষ্টা প্রতিফলিত হল।

দুবাই: ভারতের বিশ্বজয়ের পরে সপ্তাহখানেকও হয়নি, এরই মধ্যে মহিলাদের বিশ্বকাপ (ICC Women's World Cup) নিয়ে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি (ICC)। ২০২৯ সালের বিশ্বকাপ থেকেই হতে চলেছে বড় বদল।
আইসিসির সিদ্ধান্তে ফের একবার বিশ্বব্যাপী মহিলাদের ক্রিকেটের উন্নতির প্রচেষ্টা প্রতিফলিত হল। আইসিসির বোর্ডের তরফে শুক্রবার, ৭ নভেম্বরই জানানো হয় পরেরবারের বিশ্বকাপে আর আট নয়, বরং দশটি দল সেরার শিরোপা জেতার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। আইসিসির তরফে আরও জানান হয় এই বারের বিশ্বকাপে প্রায় তিন লক্ষ সমর্থক মাঠে বসে খেলা দেখেছেন যা দর্শকসংখ্যার নিরিখে সর্বকালের রেকর্ডও বটে। এই উন্মাদনা, সাফল্যকে আরও এগিয়ে নিয়ে যেতেই এই বিশেষ উদ্যোগ নিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
আইসিসি তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, 'আইসিসি বোর্ড, এই টুর্নামেন্টের সাফল্যে ভর করে আরও উন্নতি করতে তৎপর এবং সেই কারণেই পরবর্তী টুর্নামেন্ট (আট দল থেকে বাড়িয়ে) দশ দলের মধ্যে করার সিদ্ধান্ত নিয়েছে।' এছাড়াও ভারতীয় কিংবদন্তি প্রাক্তনী মিতালি রাজ এবং সদ্য বিশ্বজয়ী ভারতীয় কোচ অমল মুজ়ুমদারকে আইসিসির মহিলা ক্রিকেট কমিটির সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি বিবৃতিতে এই ঘোষণা করা হয়।
এছাড়াও শুক্রবার, আইসিসির বোর্ড মিটিংয়ে অলিম্পিক্স নিয়েও আলোচনা করা হয়। লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে অন্তর্ভুক্ত হচ্ছে ক্রিকেট। সেই টুর্নামেন্টে পুরুষ ও মহিলা মিলিয়ে ছয়, ছয় মোট ১২টি দল অংশগ্রহণ করতে চলেছে বলেও জানানো হয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার তরফে। ১২ জুলাই, ২০২৮ সাল থেকে শুরু হওয়া অলিম্পিক্সের প্রতিযোগিতায় মোট ২৮টি ক্রিকেট ম্যাচ আয়োজিত হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে।
রিচাকে সিএবির সংবর্ধনা
ফাইনালে তাঁর ২৪ বলে ৩৪ রানের বিধ্বংসী ইনিংস ভারতের জয়ের রাস্তা মসৃণ করে তুলেছিল। ভাঙা আঙুল নিয়ে খেলেও টুর্নামেন্টে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর কৃতিত্ব শিলিগুড়ির উইকেটকিপার ব্যাটারের।
রিচা ঘোষ (Richa Ghosh) হয়তো ভাবেননি যে, ফাইনালে করা প্রত্যেক রানের জন্য এক লক্ষ টাকা করে পুরস্কার পাবেন। ৩৪ রানের জন্য ৩৪ লক্ষ টাকা। সঙ্গে সোনার ব্যাট। আর সেই পুরস্কার তাঁর হাতে তুলে দেওয়ার জন্য মঞ্চ আলো করে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় ক্রিকেট দলের কিংবদন্তি অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।



















