আইসিসি-র প্রথম মহিলা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হলেন ইন্দ্রা নুয়ী

দুবাই: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রথম মহিলা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হলেন পেপসিকো-র চেয়ারম্যান তথা সিইও ইন্দ্রা নুয়ী। চলতি বছরের জুন মাসে তিনি বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার বোর্ডে যোগ দেবেন। এদিন আইসিসি-র তরফে এই সিদ্ধান্তের ঘোষণা করা হয়। সেখানে বলা হয়েছে, এদিনের বৈঠকে নুয়ীর মনোনয়ন সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। প্রতিক্রিয়ায় নুয়ী জানানস, আইসিসি-র সঙ্গে যুক্ত হতে পেরে তিনি রোমাঞ্চিত। বলেন, এই ভূমিকায় প্রথম ব্যক্তি হিসেবে যোগ দিতে পেরে আমি রোমাঞ্চিত। নতুন সতীর্থ থেকে শুরু করে আইসিসি-র অংশীদার ও বিশ্বব্যাপী ক্রিকেটারদের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। আমাদের দায়িত্ব হল এই খেলাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া যাতে অনুরাগীরা প্রতিটি বল ও শট ফলো করেন। প্রতিক্রিয়া জানাতে গিয়ে আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর বলেনস, একজন স্বাধীন ডিরেক্টর -- বিশেষকরে একজন মহিলাকে বোর্ডে অন্তর্ভুক্ত করাটা সুশাসনের উদ্দেশে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রসঙ্গত, মহিলা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের পদ তৈরির প্রস্তাব গত বছরের জুন মাসে আইসিসি-র পূর্ণ পরিষদেকর বৈঠকে গৃহীত হয়েছিল। চুক্তির মেয়াদ দুবছর। তবে, তাঁকে আরও ২ বার (অর্থাৎ মোট ৬ বছর) পুনর্নিয়োগ করার সংস্থান রাখা হয়েছে।
























