তিন-ম্যাচের সিরিজে শতরানের হ্যাটট্রিক, কোহলির রেকর্ড-মুকুটে নতুন পালক

নয়াদিল্লি: বিরাট কোহলির রেকর্ডের মুকুটে নতুন পালক। তিন টেস্ট ম্যাচের সিরিজে শতরানের হ্যাটট্রিক করলেন ভারত অধিনায়ক।
রেকর্ড গড়াটা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছেন বিরাট কোহলি। প্রতিদিনই একটি করে নতুন রেকর্ড গড়ে চলেছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক।
আর বিরাটের রেকর্ডের মুকুটে নতুন পালক যোগ হল শনিবার। ফিরোজশাহ কোটলায় শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় তথা শেষ টেস্টের প্রথম দিনে এক অনন্য নজির গড়লেন বিরাট।
প্রথম অধিনায়ক হিসেবে তিন ম্যাচের সিরিজে শতরানের হ্যাটট্রিক করলেন তিনি। এর আগে, বহু অধিনায়কের পাঁচ-ম্যাচের সিরিজে তিন বা চারটি শতরান করার নজির রয়েছে। কিন্তু, তিন-ম্যাচের সিরিজে তিনটি শতরান—এটা বিরল নজির।
প্রসঙ্গত, কলকাতায় প্রথম টেস্টে বিরাট ১০৪ অপরাজিত করেছিলেন। নাগপুরে দ্বিতীয় টেস্টে করেন ২১৩ রান। আর এদিন দিল্লিতে ব্যাট করছেন ১৫৬ রানে।
এদিন কোহলি তাঁর কেরিয়ারের ২০ তম শতরান সম্পন্ন করলেন। খেলেছেন মাত্র ৬৩টি টেস্ট। এরসঙ্গেই একটি মরশুমে ১১টি শতরান করলেন বিরাট। সচিন তেন্ডুলকরের থেকে মাত্র একটি কম।
এর পাশাপাশি এদিন ব্যক্তিগত মাইলস্টোনও পার করে ফেলেন বিরাট। টেস্ট কেরিয়ারের ৫০০০ রান সম্পূর্ণ করলেন তিনি। তা সম্পূর্ণ করতে কোহলির লেগেছে ১০৫ ইনিংস। ভারতীয়দের মধ্যে যা চতুর্থ দ্রুততম।






















