বিশ্বের প্রথম ক্রিকেটার, অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৯০০০ রান কোহলির

নাগপুর: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির মুকুটে নয়া পালক। ক্রিকেটের ইতিহাসে কোহলিই প্রথম, যিনি অধিনায়ক থাকাকালীন আন্তর্জাতিক ক্রিকেটে ৯০০০ রান সম্পন্ন করার অনন্য কীর্তি স্থাপন করলেন। ১৫৯ ইনিংসে এই নজির গড়লেন কোহলি। এর আগে, কোনও ক্রিকেট অধিনায়ক ৮০০০ রানের গণ্ডি টপকাতে পারেননি। কোহলির পর এই তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা। তবে, তিনি ৭০০০ রান করেছেন। সময় নিয়েছেন কোহলির মতোই ১৫৯ ইনিংস। কোহলির ৯ হাজার রানের মধ্যে -- টেস্টে ৭৬ ইনিংসে ৪৫১৫ রান করেছেন। ৬৪টি একদিনের ইনিংসে ৮২.৭৭ গড়ে ৪১৩৩ রান করেছেন এবং প্রায় ১৪৩ স্ট্রাইক রেট নিয়ে ২১টি টি-২০ ইনিংসে ৬০৬ রান করেছেন। একদিনের ম্যাচে কোহলির গড় ৫৯.৭৩। পরিসংখ্যান বলছে, অধিনায়কের দায়িত্ব নেওয়ার পর থেকে তাঁর গড়ের উন্নতি হয়েছে। মঙ্গলবার, নাগপুরের জামথায় বিদর্ভ ক্রিকেট মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ওডিআই কেরিয়ারের ৪০ তম শতরান সম্পন্ন করেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এটি তাঁর সপ্তম শতরান।






















