Abhishek Banerjee: 'আর নোট বাতিল নয়, এবার প্রধানমন্ত্রীকে বাতিল করতে হবে', ফের বিজেপিকে নিশানা অভিষেকের
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব চলছে তৃণমূলের নবজোয়ার কর্মসূচি। এদিন পুরুলিয়ার হুটমুড়ায় ওই কর্মসূচি থেকেই ফের বিজেপিকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবার কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের টাকা আটকে রাখার অভিযোগ তুললেন। 'বাংলার টাকা আটকে রেখেছেন নরেন্দ্র মোদি। বিজেপি ভোটে হোঁচট খেয়েছে বলে, বাংলার টাকা আটকে রেখেছে। মোদিকে চিঠি লিখে বলুন- আমার অধিকারের টাকা, আমাকে দিতে হবে।' টাকা জোগাড় করতে দিল্লির বুকে অনির্দিষ্টকালের জন্য অবস্থান করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সামনেই পঞ্চায়েত ভোট, আগামী বছর লোকসভা ভোট। সেই ভোটের প্রসঙ্গ তুলেই অভিষেকের বার্তা, 'প্রধানমন্ত্রীর হাতে রিমোট থাকলে, আপনার হাতে ইভিএমের বোতাম আছে। অনেক হয়েছে নোটবন্দি, আর নোট বাতিল নয়, এবার প্রধানমন্ত্রীকে বাতিল করতে হবে।'






















