Babul Supriya: বাবুল সুপ্রিয়ের বিরুদ্ধে ক্ষোভ, রাস্তাতেই বিজয়া সম্মিলনী বাবুলের। Bangla News
বালিগঞ্জের ফার্ণ রোডে তৃণমূলের বিজয়া সম্মিলনী ঘিরে উত্তেজনা। রবিবার সন্ধেয়, কমলা চ্যাটার্জি গার্লস স্কুলে তৃণমূলের তরফে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়। বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয় ছিলেন আমন্ত্রিত। অভিযোগ, অনুষ্ঠান শুরুর আগেই স্কুল ঘিরে ফেলেন বেশ কয়েকজন তৃণমূল কর্মী। আসে পুলিশও। বিক্ষোভে সামিল তৃণমূল কর্মী সমর্থকদের দাবি, বিধায়ক বাবুল সুপ্রিয়কে এলাকায় দেখতে পাওয়া যায় না। স্কুলের কিছু দূরে রাস্তার উপর জড়ো হয়েছিলেন তৃণমূল কর্মীদের একাংশ। সেখানেই কিছুক্ষণ পর বাবুল এসে পৌঁছোন। রাস্তাতেই বিজয়া সম্মিলনী সারেন তিনি। যদিও বাবুলের দাবি, ঘটনায় দলীয় দ্বন্দ্বের কোনও বিষয় নেই। আলোচনা করে বিষয়টি মিটিয়ে নেওয়া হবে।





















