West Bengal Election 2021: তৃণমূলে যোগ যশবন্ত সিনহার, উগরে দিলেন মোদি-শাহের বিরুদ্ধে ক্ষোভ
অটলবিহারী বাজপেয়ী মন্ত্রীসভার সদস্য ছিলেন তিনি। এক সময় অর্থ ও বিদেশমন্ত্রকের মতো গুরুদায়িত্ব সামলেছেন। বঙ্গে ভোটের মুখে সেই যশবন্ত সিনহাই এবার তৃণমূলে (TMC)। এই প্রথম গেরুয়া শিবিরের জাতীয় স্তরের কোনও প্রাক্তন নেতা যোগ দিলেন ঘাসফুল শিবিরে। বিজেপির গলায় যদিও এই নিয়ে শোনা গিয়েছে কটাক্ষের সুর। শনিবার তৃণমূল ভবনে যশবন্ত সিনহার হাতে দলীয় পতাকা তুলে দেন সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee) এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)। নতুন দলে যোগ দিয়েই তিনি কড়া ভাষায় বিঁধলেন পুরনো দলকে। একাধিক ইস্যুতে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন প্রাক্তন অর্থমন্ত্রী। তবে অটল জমানা নয় তাঁর নিশানায় ছিল মোদি-অমিত শাহ জমানা।






















