করোনা ভাইরাসে চিনে মৃত ২৫, আটকে ১৭০ জন ভারতীয় পড়ুয়া
নোভেল করোনা ভাইরাসে চিনে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে। ভাইরাস-বিপর্যয়ে উহানে আটকে পড়েছেন ১৭০ জন ভারতীয় পড়ুয়া। প্রয়োজনীয় ওষুধ, প্রাথমিক চিকিত্সা সরঞ্জাম ও খাবার নিয়ে তাঁদের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ঘরবন্দি থাকার ও কেউ অসুস্থ হলে তা প্রশাসনকে অনলাইনে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। যোগাযোগ রাখছে ভারতীয় দূতাবাসও। এদিকে, চিন থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া হয়ে নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে আমেরিকা, সৌদি আরবে। বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে সিঙ্গাপুর ও তাইল্যান্ডেও। সৌদি আরবের একটি হাসপাতালে আলাদা জায়গায় রাখা হয়েছে কেরলের অন্তত ৩০ জন নার্সকে। ওই নার্সদের মধ্যে একজনের শরীরে মিলেছে নোভেল করোনা ভাইরাস। এদিকে, ভাইরাস মহামারীর আকার নেওয়ায় এবার বেজিংয়ের ভারতীয় দূতাবাসে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান বাতিল করা হয়েছে।



















