West Bengal Election 2021: 'স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় বাংলার ১০ কোটি মানুষ', মোদির আয়ুষ্মান ভারত প্রকল্পকে বিঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
দক্ষিণ ২৪ পরগনায় আজ জোড়া কর্মসূচিতে যোগ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 'দিদির দূত' বাসে চড়ে রোড-শোতে অংশ নেন তিনি। কামালগাজি থেকে সোনারপুর পর্যন্ত রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রোড-শো শেষে তিনি বলেন, ‘বিজেপি আয়ুষ্মান ভারতের কথা বলছে। আয়ুষ্মান ভারতের সুবিধা পাচ্ছেন ১ কোটি ২০ লক্ষ মানুষ। স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় বাংলার ১০ কোটি মানুষ।' এর আগে, তিনি কুলপিতে জনসভায় বক্তব্য রাখেন। সভায় অভিষেক বলেন, 'কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসে বলছেন, ক্ষমতায় এলে কৃষকরা ১৮ হাজার টাকা করে পাবেন। বাংলার মানুষকে কেনা যায় না।’ তিনি আরও বলেন, ‘প্রতি বছর বাংলা থেকে ৭৫ হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে কেন্দ্র। বাংলার মানুষের টাকা নিয়ে যাচ্ছে মোদি সরকার। সেই টাকা নিয়ে আমফানের সময় ১ হাজার কোটি টাকা দিয়েছেন। প্রধানমন্ত্রী এসে হেলিকপ্টারে ১৫ মিনিট ঘুরে পালিয়েছেন।’





















