Budget 2026: এবার আরও শক্তিশালী ব্যাঙ্কিং সেক্টর? নতুন কী কী হবে? বাজেটে বড় ঘোষণা নির্মলার
Nirmala Sitharaman: এই কমিটি দেশের সম্পূর্ণ ব্যাঙ্কিং ব্যবস্থার পর্যালোচনা করবে এবং ভবিষ্যতের অর্থনৈতিক বৃদ্ধিকে সমর্থন করার জন্য প্রয়োজনীয় সংস্কারের সুপারিশ দেবে

কলকাতা: রবিবার পেশ হল কেন্দ্রীয় বাজেট। এটাই তৃতীয় মোদি সরকারের তৃতীয় পূর্ণাঙ্গ বাজেট। টানা নয় বছর বাজেট পেশ করে নজির গড়লেন নির্মলা সীতারমণ। 'বাজেট পেশের দৌড়ে' মোরারজি দেশাইয়ের একেবারে কাছাকাছি পৌঁছে গেলেন তিনি। স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথমবার প্রথা ভেঙে রবিবারে বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী।
এদিন, বিশ্বের কাছে ভারতের শক্তিশালী আর্থিক খাত সম্পর্কে একটি স্পষ্ট বার্তা দিয়ে রবিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছেন, সংস্কার প্রক্রিয়াকে সঠিক পথে রাখতে সরকার ‘বিকশিত ভারত’ লক্ষ্য পূরণে ব্যাঙ্কিং ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে একটি উচ্চস্তরের কমিটি গঠনের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।
এই কমিটি দেশের সম্পূর্ণ ব্যাঙ্কিং ব্যবস্থার পর্যালোচনা করবে এবং ভবিষ্যতের অর্থনৈতিক বৃদ্ধিকে সমর্থন করার জন্য প্রয়োজনীয় সংস্কারের সুপারিশ দেবে। এটি আর্থিক স্থিতিশীলতা, অন্তর্ভুক্তিকরণ এবং গ্রাহক সুরক্ষার উপরও মনোযোগ দেবে, এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
তিনি বলেন, ভারতীয় ব্যাঙ্কগুলো এখন একটি শক্তিশালী অবস্থানে রয়েছে, তাদের ব্যালেন্স শিট স্বাস্থ্যকর, মুনাফা বেশি এবং অনাদায়ী ঋণের উপর নিয়ন্ত্রণও উন্নত। সম্পদের গুণমান উন্নত হওয়ায় এবং কভারেজ ৯৮ শতাংশ ছাড়িয়ে যাওয়ায়, এই খাতটিকে স্থিতিশীল এবং প্রবৃদ্ধির পরবর্তী পর্যায়ের জন্য প্রস্তুত বলে মনে করা হচ্ছে।
তিনি আরও বলেন, সরকারি খাতের এনবিএফসিগুলোর দক্ষতা বাড়াতে সরকার সেগুলোকে পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন এবং রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশনের মতো বৃহত্তর ও শক্তিশালী প্রতিষ্ঠানে পুনর্গঠন করার পরিকল্পনা করেছে।
এর পাশাআশি কর্পোরেট বন্ডে সম্পূর্ণ রিটার্ন সোয়াপ চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া বড় শহরে উচ্চ মূল্যের মিউনিসিপাল বন্ড বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে। আবার কোনও বন্ডের দাম ১,০০০ কোটি টাকা বা তার বেশি হয়, তবে তার জন্য ১০০ কোটি টাকা পুরস্কার দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে।
প্রবাসী ভারতীয় বা NRI-র দেরও বাজেটে সুখবর দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি জানিয়েছেন, ভারতীয় সংস্থাকে মূলধন পণ্য দিলে পাঁচ বছরের জন্য আয়কর ছাড় পাবেন প্রবাসী ভারতীয়রা।
প্রবাসী ভারতীয়দের স্থাবর সম্পত্তি বিক্রির ক্ষেত্রে নিয়ম বদল। বাধ্যতামূলক TDS। ছোট করদাতাদের জন্য বিদেশে থাকা সম্পদ ঘোষণার নতুন স্কিম।





















