Annapurna Yojana : এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
Social Welfare Scheme : এই কিস্তির টাকা ঢোকার সম্ভাবনা আছে এখনও তিনদিন।

কলকাতা : অন্নপূর্ণা যোজনায় (Annapurna Yojana Scheme) এবারের টাকা এখনও ঢোকেনি ? বুঝতে পারছেন না কী হবে ? হতাশ হওয়ার কিছু নেই। কারণ, এই কিস্তির টাকা ঢোকার সম্ভাবনা আছে এখনও তিনদিন। ১৭ অগাস্ট থেকে ২০ অগাস্ট পর্যন্ত অন্নপূর্ণা যোজনায় টাকা ঢুকবে বলে জানিয়ে দিয়েছেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার।
তিনি বলেন, "মহিলাদের মধ্যে একটা বিভ্রান্তিকর এবং নানারকম গুজব ছড়ানো হচ্ছে যে অন্নপূর্ণা যোজনার টাকা তাঁরা পাবেন না। নানান রকমভাবে তাঁদের বিভ্রান্ত করা হচ্ছে। আমরা বার্তা দিতে চাই তাঁদের যে, অন্নপূর্ণা যোজনা আজ ১৭ অগাস্ট...সরকার এসেছে আপনারা জানেন ৩ মাস ১০ দিন হয়েছে। সেখানে দাঁড়িয়ে ১ কোটি ৮০ লক্ষ আবেদন জমা পড়েছে। সেখানে এই অগাস্ট মাসে মহিলাদের অন্তর্ভুক্তি করা হচ্ছে ১ কোটি ৪৫ লক্ষ। আরও চারদিন ধরে আমাদের এই টাকা দেওয়ার কাজ চলবে। ১৭ অগাস্ট থেকে ২০ অগাস্ট। হয়তো অনেকে ভাবছেন যে টাকা কেন ঢুকছে না, কেন পাচ্ছেন না। আপনারা নিশ্চিন্তে থাকুন। যারা পাওয়ার যোগ্য তাঁদের প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আগামীকাল ১৮ অগাস্ট, আগামীকাল আবার ১০ লক্ষ...প্রত্যেকদিন কাজ চলবে...২০ অগাস্ট পর্যন্ত আমাদের এই প্রসেস চলবে।"
এদিকে এদিন মুখ্যমন্ত্রী বলেছেন, "আমরা জুন মাসে ২৮ লক্ষ মহিলাকে ৩ হাজার টাকা করে দিয়েছিলাম। পরের মাসে ১ কোটি ১৯ লক্ষ মহিলাকে ৩ হাজার টাকা করে দিয়েছিলাম। আপনারা জানেন, এর আগের যে সরকার ২০২১-এ প্রথম ৫০০ টাকা করে দিত। ২০২৪ সাল পর্যন্ত। ৯ মাস লাগিয়েছিল । প্রত্যেকটা জিনিসেরই নাম নথিভুক্ত করতে হয়, ঝাড়াই-বাছাই করতে হয়। আগের সরকারের আমলে পুরুষরাও লক্ষ্মীর ভাণ্ডার পেতেন। মৃত লোকেরাও পেতেন। আপনি তো চান না, সরকারি টাকা এভাবে নয়ছয় হোক। তাই আমাদের ঝাড়াই-বাছাই করতে সময় লেগেছে। আজ শুনলে খুশি হবেন, ১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে আজ আমরা জুলাই মাসের তাঁদের যে টাকা...আমরা ৩ হাজার করে টাকা ঢুকিয়ে দিয়েছি। যারা ১০ জুলাই পর্যন্ত আবেদন করেছেন। ৩১ জুলাই পর্যন্ত পোর্টাল খোলা ছিল। এই ২০ দিনের জন্য ঝাড়াই-বাছাই করতে আর কয়েকটা দিন লাগবে। হয়তো আরও কিছু সংখ্যা বাড়বে। ১ কোটি ৮০ লক্ষ মহিলা আবেদন করেছিলেন। আমরা এই কাজ শেষ করার পরে আবার জনকল্যাণ শিবির করব। "






















