Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা কারা পাবেনই, কারা নাও পেতে পারেন, ফলতা থেকে স্পষ্ট ঘোষণা মুখ্যমন্ত্রীর
১৭ জুন পর্যন্ত চলার কথা থাকলেও ভিড়ের কারণে এক দিন বাড়ল শিবিরের মেয়াদ। ১৮ জুন পর্যন্ত চলবে জনকল্যাণ শিবির।

ফলতা : ফলতায় জনকল্যাণ শিবিরের বুধবার উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি ঘোষণা করেন, জনকল্যাণ শিবিরের মেয়াদ আরও এক দিন বাড়ল । রাজ্য জুড়ে জনকল্যাণ শিবির হচ্ছে। এই শিবির থেকে কেন্দ্র ও রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা মিলছে। আপনারা যাতে প্রত্যেকটা প্রকল্পের সুবিধা পান। তার ব্যবস্থা করা হয়েছে। কোনও রকম দুর্নীতি ছাড়াই কেন্দ্র ও রাজ্যের সব প্রকল্পের সুবিধা পাবেন। ১৭ জুন পর্যন্ত চলার কথা থাকলেও ভিড়ের কারণে এক দিন বাড়ল শিবিরের মেয়াদ। ১৮ জুন পর্যন্ত চলবে জনকল্যাণ শিবির।
মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, যাঁরা যথাযথ ভাবে ফর্ম ফিল আপ করে জমা দেবেন, যাঁরা সরকারি বা সরকার অনুমোদিত স্কুলে বাচ্চাদের পাঠান, এমনকী যাঁরা প্রাইভেট স্কুলেও বাচ্চাদের পড়ান ( যে স্কুলগুলি রাজ্য বা কেন্দ্রীয় বোর্ডের অনুমোদন পেয়েছে ), সেই মায়েরা অবশ্যই অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন। ফর্ম ফিল আপের ভেরিফিকেশনের পর। এছাড়া তিনি জানান, যাঁরা এমন কোথাও ছেলেমেয়েকে পড়ান, যেখানে রাষ্ট্রবিরোধী ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, ভারতবিরোধী কথা শেখান, তাঁরা এই টাকা পাবেন না। কারণ তা পড়াশোনার মূল ধারার মধ্যে পড়ে না। এছাড়া যাঁরা সরকারি টিকা বাচ্চাদের দেওয়ান না, এমন প্রচার করেন যে, এই টিকা ব্যবহারে ক্ষতি হবে, তাতে জন্ম নিয়ন্ত্রণ হবে, তাঁরা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না।
মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, এখনও পর্যন্ত ১ কোটি ৫ লক্ষ মানুষ আবেদন করেছেন। তাঁদের ফর্মের দেওয়া তথ্য ভেরিফিকেশন করে পোর্টালে তুলে দেওয়া হচ্ছে। যাঁদের নাম উঠবে, জুলাই মাসে তাঁরা জুন মাসের টাকাও পেয়ে যাবেন অ্যাকাউন্টে। দরকারে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলাপে সহায়তা করবেন সরকারি আধিকারিকরা। রাজ্যে সরকার বদলের পর দিকে দিকে হদিশ মিলছে 'পুরুষ লক্ষ্মীর'! অর্থাৎ তৃণমূল জমানায় পুরুষ হয়েও অনেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়েছেন। গ্রেফতার হচ্ছে একের পর এক অভিযুক্ত। এই কথা মাথায় রেখেই নতুন করে ফর্ম ফিল আপ করে, তারপরই অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে।
তৃণমূল আমলে লক্ষ্মীর ভাণ্ডারে মহিলাদের জন্য বরাদ্দ ছিল দেড় হাজার টাকা। বিজেপি আমলে রাজ্য সরকারি প্রকল্পের নাম বদলে হয়েছে অন্নপূর্ণা যোজনা। একলাফে দ্বিগুণ হয়েছে টাকার অঙ্কও। দেড় হাজারের বদলে অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকবে ৩ হাজার টাকা!






















