CM Suvendu Adhikari : 'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মৃতের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১০ লক্ষ টাকার চেক দেওয়ার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সমীরণ পাল, হালিশহর : রবিবার এখানে এসেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। আর সোমবার এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হালিশহরে মৃত তৃণমূলকর্মী বিরজু কেওতের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিলেন পরিবারের পাশে থাকার বার্তা । পাশাপাশি একাধিক প্রতিশ্রুতিও দেন তিনি। হালিশহরে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, বিরজু কেওতের স্ত্রীকে তাঁর অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি দেওয়া হবে। পাশাপাশি মৃতের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১০ লক্ষ টাকার চেক দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন পরিবারকে ধন্যবাদ জানিয়ে বলেন, 'মৃত্যু নিয়ে কাউকে রাজনীতির সুযোগ দেননি পরিবারের লোকেরা ... পরিবার সরকারের উপর আস্থা রেখেছে।' এটিকে তিনি সরকারের বড় পাওনা বলে উল্লেখ করেন। সেই সঙ্গে তিনি বলেন, 'পুলিশি হেফাজতে শারীরিক অত্যাচারের অভিযোগ তুলেছে মৃতের পরিবার। পুলিশি হেফাজতে মারা গেছেন, এটা সত্যি। তবে কতটা অত্যাচার হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট দেখে বোঝা যাবে'
বিরজু কেওতের মৃত্যুর ঘটনায় পুলিশের বিরুদ্ধে শারীরিক অত্যাচারের অভিযোগ তুলেছে তাঁর পরিবার। মুখ্যমন্ত্রী বলেন, বিরজু পুলিশের হেফাজতেই মারা গিয়েছেন, তা সত্যি। তবে তাঁর উপর কতটা শারীরিক অত্যাচার হয়েছিল, তা ময়নাতদন্তের রিপোর্টেই স্পষ্ট হবে। ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিক বা IO-কে সাসপেন্ড করা হয়েছে এবং হালিশহর থানার IC-কে ক্লোজ করা হয়েছে বলে জানান তিনি।
মৃত তৃণমূলকর্মী বিরজু কেওত কাঁচরাপাড়া পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের সদ্য প্রাক্তন তৃণমূল কাউন্সিলর জিনি শর্মার স্বামী। পাশাপাশি, প্রাক্তন পুরপ্রধান ও তৃণমূল নেতা কমল অধিকারীর ছায়াসঙ্গী বলে পরিচিত ছিলেন বিরজু। তোলাবাজি-সহ একাধিক অভিযোগে শুক্রবার ওই তৃণমূল কর্মীকে গ্রেফতার করে হালিশহর থানা।
পুলিশ সূত্রে দাবি, শনিবার ভোরে আচমকা অসুস্থ হয়ে পড়েন তৃণমূল কর্মী বিরজু কেওত। সঙ্গে সঙ্গে তাঁকে কল্যাণীর JNM হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশের বিরুদ্ধে হেফাজতে পিটিয়ে মারার অভিযোগ তুলেছে মৃত তৃণমূলকর্মীর পরিবার। কিন্তু পুলিশ হেফাজতে তাঁর সঙ্গে কী কী ঘটেছিল, কী কারণে মৃত্যু, জানা যাবে দেহের ময়নাতদন্তের পরই।
রবিবার হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা চালায় বিক্ষোভকারীরা। মমতা বন্দ্যোপাধ্যায়কে 'চোর' স্লোগান দেওয়া হয় এদিন, গাড়ি ঘিরে শুরু হয় বিক্ষোভ। প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো, কাদা ছো়ড়ার অভিযোগ ওঠে। সোমবার সেই ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল।






















