'গুন্ডাদমন বিল এখনও আইনেই পরিণত হয়নি' , ২ টি মামলা খারিজ করে দিলেন বিচারপতি
প্রধান বিচারপতি আরও বলেন, ভবিষ্যতে যদি রাষ্ট্রপতি স্বাক্ষর করেন, তাহলে মামলাকারী আবার আদালতের দ্বারস্থ হতে পারেন ।

কলকাতা : গুন্ডাগিরি, সিন্ডিকেটরাজ, কাটমানি রুখতে কড়া নির্দেশ দিচ্ছেন মুখ্য়মন্ত্রী । এরইমধ্য়ে বিধানসভায় পাস হওয়া গুন্ডাদমন বিলের বিরোধিতায় ২ টি জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার, হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী বলেন, যেহেতু রাষ্ট্রপতি এখনও স্বাক্ষর করেননি, তাই এই বিল এখনও আইনে পরিণত হয়নি। সেই কারণেই মামলা খারিজ করা হল। প্রধান বিচারপতি আরও বলেন, ভবিষ্যতে যদি রাষ্ট্রপতি স্বাক্ষর করেন, তাহলে মামলাকারী আবার আদালতের দ্বারস্থ হতে পারেন ।
গত ১৩ জুলাই পশ্চিমবঙ্গে কার্যকর হয়ে যায় The West Bengal Public Safety and Control of Anti-Social Activities Act বা গুন্ডাদমন আইন। ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আর এদিনই আইনের ওপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা। শুরু থেকেই এই আইন নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। এই প্রেক্ষাপটে সেদিনই গুন্ডাদমন আইনের ওপর অবিলম্বে স্থগিতাদেশ চেয়ে, কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের বেঞ্চের দ্বারস্থ হন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। মামলা দায়েরের অনুমতিও দেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি।
রাজ্যের পক্ষ থেকে বলা হয় 'গুন্ডাদমন আইন' লাগু হলে, প্রশাসন যদি মনে করে, কেউ জন-নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক হয়ে উঠতে পারেন বা কেউ বড়সড় সমাজবিরোধী অপরাধের চক্রান্ত করছেন, তবে ঘটনার আগেই তাঁকে বিনা বিচারে সর্বোচ্চ ১ বছর পর্যন্ত আটক হিসাবে রাখা যাবে। এর পাশাপাশি, বিক্ষোভ, দাঙ্গা, ভাঙচুর বা আগুন লাগিয়ে কোনও সরকারি বা ব্য়ক্তিগত সম্পত্তি নষ্ট করলে তার ক্ষতিপূরণ আদায় করতে পারবে সরকার। এর জন্য অভিযুক্তের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা যেতে পারে।'ক্লেমস কমিশনে'র কাছে আবেদন করে ক্ষতিপূরণ দাবি করতে পারবেন ক্ষতিগ্রস্তরা। এক্ষেত্রে 'ক্লেমস কমিশন'কে দেওয়ানি আদালত হিসেবে গণ্য করা হবে। এক্ষেত্রে চূড়ান্ত বলে ধরা হবে 'ক্লেমস কমিশন'-এর রায়। অপরাধীর পাশাপাশি উস্কানি দিলে বা অর্থ জোগান দিলে এবং সংগঠক ও অভিযুক্তের আশ্রয়দাতাকেও অভিযুক্ত হিসেবে গণ্য় করা হবে।
আরও পড়ুন : ১০ লক্ষেরও বেশি পরিবারের অ্যাকাউন্টে রাজ্য সরকারের এই টাকা, ১৫ অগাস্ট পর্যন্ত.....কী জানালেন দিলীপ ঘোষ?























