Damayanti Sen: মমতার তত্ত্ব না মেনে সত্যি কথা বলাতেই 'শাস্তি' পেয়েছিলেন দময়ন্তী সেন? কী ঘটেছিল পার্কস্ট্রিটে?
Park Street News: তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরই পার্কস্ট্রিট ধর্ষণকাণ্ডে উত্তাল হয় গোটা রাজ্য়। পার্ক স্ট্রিট ধর্ষণকাণ্ডকে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ‘সাজানো ঘটনা’।

- মহিলা নির্যাতন খতিয়ে দেখতে কমিশন গঠন, সমাপ্তি চট্টোপাধ্যায় চেয়ারপার্সন।
- আইপিএস দময়ন্তী সেনকে সদস্যসচিবের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
- তৃণমূল সরকার আসার পর পার্ক স্ট্রিট ধর্ষণকাণ্ডে দময়ন্তীর বদলি।
- পুরনো অভিযোগ খতিয়ে দেখা হবে, কমিশনের কাজে সহযোগিতা করবে সরকার।
কলকাতা: রাজ্যে পালাবদলের পরেই, বড় বদল। গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে ফেরানো হল দময়ন্তী সেনকে। সংকল্প পত্রে নারী নিরাপত্তায় জোর দিয়েছিল বিজেপি। এবার ক্ষমতায় এসে মহিলাদের ওপর অত্যাচারের পুরনো অভিযোগগুলি খতিয়ে দেখতে, কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের নেতৃত্বে কমিশন গঠন করলেন শুভেন্দু অধিকারী। সদস্যসচিব করা হয়েছে IPS অফিসার দময়ন্তী সেনকে। কিন্তু কেন? কেন দময়ন্তী সেনের মতো দুঁদে অফিসারকে কম গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে বদলি করে দেওয়া হয়েছিল দূরে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরোধিতা করাটাই কি কাল হয়ে দাঁড়িয়েছিল দময়ন্তী সেনের?
কী বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
এদিন সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'চেয়ারপার্সন করা হয়েছে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শ্রীমতি সমাপ্তি চ্য়াট্টোপাধ্যায়কে। তিনি চেয়ারপার্সন হয়েছেন মহিলা নির্যাতন সংক্রান্ত বিষয়গুলি দেখার জন্য। সেখানে আমাদের সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা করবেন। পুরনো পেন্ডিং GD বা FIR যেগুলো পড়ে আছে সেগুলো সংগ্রহ করবেন। এবং NHRC, SC কমিশন, ST কমিশন, OBC কমিশন, মাইনোরিটি কমিশন, শিশু ও নারী অধিকার কমিশন রাজ্য ও কেন্দ্রের যত রেকমেন্ডশন এখনও অবধি পড়ে রয়েছে, সেগুলো ওঁরা প্রাথমিকভাবে নিয়ে নেবেন।' অর্থাৎ, দময়ন্তী সেনকে যথেষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েই ফেরানো হল।
কেন বদলি করা হয় দময়ন্তীকে?
তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরই পার্কস্ট্রিট ধর্ষণকাণ্ডে উত্তাল হয় গোটা রাজ্য়। পার্ক স্ট্রিট ধর্ষণকাণ্ডকে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ‘সাজানো ঘটনা’। কিন্তু, তত্কালীন যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) দময়ন্তী সেন, প্রমাণ করে দিয়েছিলেন যে ধর্ষণ হয়েছিল। পার্কস্ট্রিট ধর্ষণকাণ্ডের পর, মমতা বন্দ্যোপাধ্যায় মহাকরণে বলেছিলেন, 'পুরো ঘটনাটাই সাজানো।' সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা৷ তদন্তে সব বেরিয়ে আসবে। পরে লালবাজারে পুলিশ কমিশনারও বলেন, এই ঘটনা নিয়ে পুলিশ-রাজ্য সরকারকে সমালোচনা করা অনুচিত। যদিও নিজের অবস্থানে অনড় ছিলেন অভিযোগকারিণী ৷ সেদিন নিজের অবস্থানে অনড় থেকে IPS অফিসার দময়ন্তী সেন বলেছিলেন, ধর্ষণ হয়েছিল৷ এরপরে দময়ন্তী সেনকে বদলি করে দেওয়া হয়েছিল। পার্ক স্ট্রিট গণধর্ষণ কাণ্ডের সময়ে, কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান ছিলেন, দময়ন্তী সেন। তাঁকে এই ঘটনার পরেই কম গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে বদলি করা হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর তত্ত্ব না মেনে নেওয়ার কারণেই, 'শাস্তি' পান দময়ন্তী। আর এই জোড়া কমিটি গঠনের পরেই প্রশ্ন উঠছে.. পুরনো ফাইল খোলার পরে কী সামনে আসবে অনেক বড় তত্ত্ব?





















