TMC News: চূড়ান্ত হয়ে গেল মমতা-তৃণমূল ও ঋতব্রত-তৃণমূলের নাম-প্রতীক, জানিয়ে দিল নির্বাচন কমিশন
Election Commission : উপ নির্বাচনে বিকল্প নাম ও প্রতীক পেল কালীঘাট তৃণমূল। ঋতব্রত-তৃণমূলের দলের নতুন নাম ...

কলকাতা : বিধানসভা নির্বাচন থেকে বিধানসভা উপনির্বাচন। মাঝে ব্যবধান ঠিক সাড়ে ৪ মাস। সাড়ে ৪ মাস আগে যে প্রতীকে ভর করে রাজ্য রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণ হয়েছিল, আগামী মাসে উপনির্বাচনে ইভিএম-এ অস্তিত্বই থাকবে না সেই ঘাসের ওপর জোড়াফুল প্রতীকের। 'মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস' নাম পেল 'কালীঘাট-তৃণমূল'। প্রতীক হিসাবে তারা পেল 'ফুটবল খেলোয়াড়'। এদিকে 'ঋতব্রত-তৃণমূল'- নাম পেল 'গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস'। তাদের প্রতীক আপাতত 'এনভেলপ'।
নির্বাচন কমিশনের কাছে দলের জন্য ৩টি বিকল্প নাম জমা দিয়েছিল 'কালীঘাট-তৃণমূল'। তিনটি বিকল্প নামের মধ্যে একটি ছিল 'মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস'। সেই নামটিই নির্বাচন কমিশনের সিলমোহর পেল। 'কালীঘাট-তৃণমূল'-এর তরফে প্রস্তাবিত দ্বিতীয় নাম ছিল 'সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা'। 'কালীঘাট-তৃণমূল'-এর প্রস্তাবিত তৃতীয় নাম ছিল 'তৃণমূল মমতা কংগ্রেস'।
এছাড়া নির্বাচন কমিশনের কাছে জোড়া প্রতীক জমা দিয়েছিল 'কালীঘাট-তৃণমূল'। ফুটবল খেলোয়াড় ও ব্যাট প্রতীক । তার মধ্যে নির্বাচন কমিশন স্বীকৃতি দিয়েছে ফুটবল খেলোয়াড় প্রতীকটিকে।
'ব্ল্যাক বোর্ড', 'খাম' ও 'টর্চ' - এই তিনটি বিকল্প প্রতীকের প্রস্তাব কমিশনে জমা দিয়েছিল 'ঋতব্রত-তৃণমূল'। দলের জন্য বিকল্প নামের প্রস্তাব নির্বাচন কমিশনকে দিয়েছিল 'ঋতব্রত-তৃণমূল'। প্রথম বিকল্প ছিল জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস', দ্বিতীয় বিকল্প নাম 'গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস' । সূত্রের খবর, 'পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস' নামে আর একটি নাম নিয়ে আলোচনা হলেও, পরে তা বাতিল হয়ে যায়। সকালে বিকল্প নাম ও প্রতীক নিয়ে জাতীয় কর্মসমিতির জুম বৈঠকে আলোচনার পর নাম ও প্রতীক নিয়ে নিজেদের সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে জানায় 'ঋতব্রত-তৃণমূল'।
এই প্রতীক ও নাম নিয়েই আগামী নন্দীগ্রাম ও রেজিনগর উপ নির্বাচনে লড়তে হবে দুই পক্ষকে। হতে পারে, আগামী পুরভোটেও এই নাম - প্রতীক নিয়ে লড়বে দুই পক্ষ। কিন্তু এখানেও একটি প্রশ্ন উঠছে। উপ নির্বাচনের আগেই এবার খাম চিহ্ন নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ঋতব্রত-তৃণমূল, অধুনা 'গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস'-এর প্রতীক হল খাম। এই নতুন প্রতীকে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। এদিকে আবার ISF-এর প্রতীকও খাম, নন্দীগ্রামে দাঁড়িয়েছেন ISF প্রার্থী। কী হবে ISF-প্রার্থীর প্রতীক ভবিষ্যৎ? উঠছে প্রশ্ন।
জোড়াফুল প্রতীক 'ফ্রিজ' হয়ে যাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, নিয়ম মেনে সব পক্ষের কথা শুনে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। উনি ওনার দল রাখতে পারেননি, তার দায় বিজেপির নয়। প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।
জোড়াফুল প্রতীক ব্যবহারে নিষেধাজ্ঞার পর তা নিয়ে কটাক্ষ করেন হুমায়ুন কবীর। তিনি বলেন, বিধানসভা ভোটের পর যেভাবে তৃণমূল দল খণ্ডবিখণ্ড হয়েছে, তাতে এটা প্রত্যাশিতই ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই নিজের দলকে শেষ করলেন। বলেন আমজনতা উন্নয়ন পার্টির প্রধান বিধায়ক হুমায়ুন কবীর।
Before You Go
CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?






















