Ghatal Update: নাগাড়ে বৃষ্টি, বাড়ছে নদীর জলও! বন্যা পরিস্থিতি ঘাটালের মনসুকার পার্বতী চক এলাকায়, উদ্বিগ্ন এলাকাবাসী
Flood like situation in Ghatal: বৃষ্টি হলেই ঘাটালের বন্যা পরিস্থিতি প্রায় প্রত্যেক বছরের ঘটনা হয়ে দাঁড়িয়েছে

সোমনাথ মিত্র, ঘাটাল: নাগাড়ে বৃষ্টির ফলে জলমগ্ন ঘাটালের একাধিক এলাকা। টানা বৃষ্টি এবং নদীর জল বৃদ্ধির জেরে মনসুকার পার্বতী চক এলাকায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। ইতিমধ্যেই এলাকার নিচু অংশগুলিতে জল ঢুকতে শুরু করেছে। জলমগ্ন হয়ে পড়েছে একাধিক রাস্তা ও চাষের জমি, আর এই পরিস্থিতিতে চরম সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। আজ ঘাটালের একাংশ ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। স্থানীয়দের অভিযোগ, বৃষ্টি ও নদীর জল বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। অনেক জায়গায় রাস্তার উপর দিয়ে জল বইছে। আর এর ফলে স্বাভাবিক যাতায়াত ব্যাহত হচ্ছে। প্রয়োজনীয় কাজেও বাইরে বেরোতে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ।
বাড়ছে জল, বৃষ্টিতে বিপর্যস্ত ঘাটালের মনসুকার পার্বতী চক এলাকা
বৃষ্টি হলেই ঘাটালের বন্যা পরিস্থিতি প্রায় প্রত্যেক বছরের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সাংসদ দেব (Dev) একাধিকবার ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বললেও, তা এখন পর্যন্ত কার্যকর করা যায়নি। কাজ শুরু হলেও, তা কবে শেষ হবে, সেই সম্পর্কে কোনও নিশ্চয়তা নেই। আর এর ফলেই, ঘাটালের বন্যা পরিস্থিতির কোনও উন্নতি হয় না। অন্যদিকে আজ, পার্বতী চক-সহ মনসুকার বিস্তীর্ণ এলাকায় জল ঢুকে পড়ায় কৃষকদের মধ্যেও তৈরি হয়েছে উদ্বেগ। চাষের জমিতে জল জমে থাকায় ফসলের ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা। মনসুকা এলাকায় এর আগেও নদীর জল বৃদ্ধির কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। গত কয়েক বছর ধরেই নদী বাঁধ ও রাস্তার বেহাল দশা নিয়ে স্থানীয়দের অভিযোগ রয়েছে। বর্তমান পরিস্থিতিতে দ্রুত প্রশাসনের নজরদারি, জল নিষ্কাশনের ব্যবস্থা এবং প্রয়োজনীয় ত্রাণ ও উদ্ধার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আগামী দিনে বৃষ্টি ও নদীর জল আরও বাড়লে পরিস্থিতি কতটা ভয়াবহ হয়, এখন সেদিকেই তাকিয়ে এলাকাবাসী।
ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে কী জানিয়েছিলেন দেব?
এর আগে, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেছিলেন দেব। তিনি সাংবাদিকদের বলেছিলেন, 'যে মাটি, ঘাটাল মাস্টার প্ল্যানের মাটি কাটা শুরু হয়েছিল মমতা বন্দ্য়োপাধ্যায়ের হাত ধরে। কাজটা শুরু হয়েছিল। আমার কোথাও যেন বিশ্বাস, সেই কাজটা শেষ হবে আমাদের এখনকার যিনি মুখ্যমন্ত্রী, তাঁর হাত ধরে। উনি আমাকে কথা দিয়েছেন। সাংসদের থেকে বড় কথা, আমি একজন জনপ্রতিনিধি। ঘাটাল লোকসভা কেন্দ্রের সবচেয়ে বড় কষ্ট বন্যা। সেই বন্যার সবচেয়ে বড় সমাধান ছিল ঘাটাল মাস্টার প্ল্যান। ২০১৪ সাল থেকে লড়াই চলছিল। ২০২৪ সালে আমি যখন দাঁড়াব না, দিদি কথা দিয়েছিলেন। কথা দিয়ে কথাও রেখেছেন। অর্থবর্ষে ৫০০ কোটি টাকা বরাদ্দও হয়েছিল।'
আরও পড়ুন: Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Before You Go
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬






















