Howrah Death News: ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়
Dashnagar Howrah: গত কয়েকদিন ধরে টানা বৃষ্টির জেরে দাশনগরের কাশীপুর এলাকা জলমগ্ন হয়ে পড়ে। আর ঘরের মধ্যে জমে থাকা সেই জলে পড়ে মৃত্যু হল এক বৃদ্ধের। গতকাল গভীর রাতে এই ঘটনা ঘটে।

সুনীত হালদার, দাশনগর, হাওড়া: ঘরের মধ্যে জমে থাকা জলে পড়ে মৃত্যু হল এক বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে হাওড়ার দাশনগর থানার কাশীপুর এলাকায়। মৃতের নাম প্রবীর দেওয়াশী (৭০)। গতকাল গভীর রাতে এই ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন: সরকারি প্রকল্পের ভিডিও বানালেই মিলবে ১ লক্ষ টাকা! কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বড় ঘোষণা বিহারে
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত দুটো নাগাদ ঘরের মধ্যে বাথরুমে যাওয়ার সময় জমে থাকা জলে পড়ে যান প্রবীর দেওয়াশী। বেশ কিছুক্ষণ জলের মধ্যে পড়ে থাকার পর তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ। সকালে দাশনগর থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে টানা বৃষ্টির জেরে দাশনগরের কাশীপুর এলাকা জলমগ্ন হয়ে পড়ে। রাস্তার পাশাপাশি বহু বাড়ির ভিতরেও জল ঢুকে যায়। গত দু’দিন বৃষ্টি না হলেও ঘরের ভিতরে জমে থাকা জল পুরোপুরি বের হয়নি। এখনও কোথাও কোথাও গোড়ালি সমান বা তার বেশি জল দাঁড়িয়ে রয়েছে বলে স্থানীয়দের দাবি।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, জমে থাকা জলে পা পিছলে পড়ে গিয়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ঠিক কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রবীর দেওয়াশী আগে থেকেই অসুস্থ ছিলেন। সেই কারণেও তিনি পড়ে যেতে পারেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ঘটনার পর গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে দাশনগর থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর মৃত্যুর প্রকৃত কারণ আরও স্পষ্ট হবে।
অন্যদিকে, এরই মধ্যে আস্ত একটা বাড়ি ভেঙে পড়ল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর ২ গ্রাম পঞ্চায়েতের অধীনস্ত মুড়াকাটা গ্রামে। বাড়ির ভিতরেই চাপা পড়ে যান পরিবারের বেশ কয়েকজন সদস্য। প্রতিবেশীদের তৎপরতায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন তাঁরা। যদিও বাড়ি ভেঙে পড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক নথি ও অন্যান্য অনেক জিনিসই।
Before You Go
Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...






















