Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
Trinamool: ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে ২৭টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ২৪টি আসনে জয়লাভ করেছিল। বিজেপি পেয়েছিল ২টি আসন এবং সিপিএম জিতেছিল একটি আসনে।

বিটন চক্রবর্তী, ময়না, পূর্ব মেদিনীপুর: রাজ্যে পালাবদলের পর পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভার তমলুক ব্লকের নীলকুণ্ঠা গ্রাম পঞ্চায়েতের দখল গেল বিজেপির হাতে। সব থেকে অবাক করে যে বিষয়, তৃণমূল পঞ্চায়েত সদস্যদের সমর্থনেই নতুন প্রধান নির্বাচিত হলেন বিজেপির কার্তিক জানা। তবে উপপ্রধান পদে আগের মতোই বহাল থাকলেন তৃণমূলের দীপালি মণ্ডল। নতুন বোর্ড গঠনকে কেন্দ্র করে এলাকায় উড়ল গেরুয়া আবির।
আরও পড়ুন: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কয়েকদিন আগেই নীলকুণ্ঠা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান শ্রীকৃষ্ণ বারি ও উপপ্রধান দীপালি মণ্ডল পদত্যাগ করেন। তাঁদের ইস্তফার পর বুধবার নতুন করে গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়।
২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে ২৭টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ২৪টি আসনে জয়লাভ করেছিল। বিজেপি পেয়েছিল ২টি আসন এবং সিপিএম জিতেছিল একটি আসনে। তবে রাজ্যে পালাবদলের পর পঞ্চায়েতের রাজনৈতিক সমীকরণ বদলাতে শুরু করে। তারই মধ্যে তৃণমূলের প্রধান ও উপপ্রধানের পদত্যাগের পর নতুন করে বোর্ড গঠন করা হল।
আরও পড়ুন: দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!
বুধবার প্রধান নির্বাচনের সময় তৃণমূলের ১৯ জন পঞ্চায়েত সদস্য উপস্থিত ছিলেন। পাশাপাশি বিজেপির ২ জন এবং বামেদের ১ জন সদস্যও উপস্থিত ছিলেন। মোট ২২ জন সদস্যের পূর্ণ সমর্থনে বিজেপির কার্তিক জানা গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান হিসেবে নির্বাচিত হন।
অন্যদিকে, উপপ্রধান পদে পুনরায় তৃণমূলের দীপালি মণ্ডলকেই বহাল রাখা হয়। ফলে প্রধান পদ বিজেপির হাতে গেলেও উপপ্রধান পদে তৃণমূলের প্রতিনিধিত্ব বজায় রইল। নতুন প্রধান ও উপপ্রধান নির্বাচনের সময় উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী তথা ময়না বিধানসভার বিধায়ক অশোক দিন্দা। নতুন বোর্ড গঠনের পর গ্রাম পঞ্চায়েতের বাইরে বিজেপি কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস দেখা যায়। গেরুয়া আবির মেখে আনন্দে মেতে ওঠেন দলের কর্মী-সমর্থকরা।






















