Kolkata: সোনা সহ কলকাতা বিমানবন্দরে আটক ২ যাত্রী
Airport Gold Recover: পুলিশ তাঁদের থানায় নিয়ে গিয়ে তল্লাশি চালায়। থানার টেবিলের ওপরই সোনাগুলো রাখেন ২ যাত্রী। নিজেদের কাছে সোনা থাকার কথা স্বীকারও করে নিয়েছিলেন ২ জনেই।

কলকাতা: গোপন সূত্রে খবর পাওয়া তথ্যের ভিত্তিতে নেতাজি সুভাষ চন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীকে আটক করল পুলিশ। বিমানবন্দর থানার কর্মকর্তারা ওই দুই যাত্রীর কাছে সোনা পেয়েছে। ব্যাঙ্কক থেকে TG-313 সোনা নিয়ে এসেছিলেন তাঁরা। পুলিশ তাঁদের থানায় নিয়ে গিয়ে তল্লাশি চালায়। থানার টেবিলের ওপরই সোনাগুলো রাখেন ২ যাত্রী। নিজেদের কাছে সোনা থাকার কথা স্বীকারও করে নিয়েছিলেন ২ জনেই। পুলিশ সূত্রে খবর, ২৪ ক্যারেটের সোনা ছিল। যার ওজন করে দেখা যায় প্রায় ৯০০ গ্রাম। জানা গিয়েছে সোনার মূল্য আনুমানিক ১ কোটি ৩৫ লক্ষ টাকা।
সম্প্রতি বীরভূমের এক সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল প্রচুর সোনা। তিনি বীরভূমের এক পাথর ব্যবসায়ীর আত্মীয়। পুলিশ সূত্রে খবর, যাঁর বাড়ি থেকে এই বিপুল পরিমাণে টাকা ও সোনা উদ্ধার হয়েছে, তিনি পেশায় একজন সরকারি বাসচালক। সদ্যই স্বেচ্ছাবসর নিয়েছিলেন তিনি। সেই বাস চালকের বাড়ি, গ্রামের একেবারে শেষপ্রান্তে, তাঁর জীবনযাপন ও একেবারেই ছাপোষা। সেই কারণেই ওই পাথর ব্যবসায়ী সম্ভবত মনে করেছিলেন যে, ওই বাসচালকের বাড়িতে টাকা রাখা হলে, কারও মনে সন্দেহ হবে না। কিন্তু টাকা সরানোর সময়েই খবর পেয়ে যায় পুলিশ। এরপরে আজ সকালে ওই বাসচালকের বাড়িতে যৌথ অভিযান চালায় পুলিশ এবং CID। তল্লাশিতে এখনও পর্যন্ত ১৫ কেজি সোনা উদ্ধার হয়েছে। পাশাপাশি উদ্ধার হয়েছে, কাগজের পেটিতে ভরে রাখা বিপুল টাকা। বাড়ি রয়েছে টাকা গোনার মেশিনও। শেষ পাওয়া খবর অনুযায়ী, নগদ ২০ কোটি টাকা উদ্ধার হয়েছে। এখনও টাকা গোনার কাজ চলছে।
দেশের বাইরে সোনা পাওয়ার একটি অদ্ভুত ঘটনা সামনে এসেছিল কিছুদিন আগে। বেলজিয়ামে মাটির নীচে লুকিয়ে ছিল বিপুল সোনা। নিকাশি নালার পাইপ বদলানোর কাজ করতে গিয়ে হদিশ মিলল প্রায় ৯৮ কোটি টাকা মূল্যের গুপ্তধনের। আর সেই গুপ্তধন খুঁজে পেলেন মাত্র ১৮ বছরের এক যুবক! ঘটনাটি বেলজিয়ামের Sint-Gillis-Dendermonde এলাকায়। ব্রাসেলস থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে এই এলাকায় ভূগর্ভস্থ নিকাশি নালার পাইপ বদলের কাজ চলছিল। সেই কাজের সময়ই মাটির নীচে বিপুল পরিমাণ সোনা ও পুরনো মুদ্রার সন্ধান পান নির্মাণকর্মীরা।
কিন্তু কীভাবে পাওয়া গিয়েছিল এই গুপ্তধন? কাজের সময় সহকর্মীদের সঙ্গে ছিলেন ১৮ বছরের কোবে নামে এক যুবক। মাটির নীচে কিছু একটা দেখতে পেয়ে প্রথমে তাঁর মনে হয়েছিল, হয়তো সাধারণ ইউরোর কয়েন পড়ে রয়েছে। কিন্তু একটু পরেই চোখে পড়ে একটি সোনার বার। তখনই বোঝা যায়, বিষয়টি মোটেই সাধারণ নয়। তদন্তকারীদের মতে, উদ্ধার হওয়া সম্পদের আনুমানিক মূল্য প্রায় ৯ মিলিয়ন ইউরো, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৯৮ কোটি টাকা। এই গুপ্তধনের মধ্যে ছিল সোনার বার, সোনার কয়েন এবং সোনার টুকরো।






















