Abhishek Banerjee News : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
চিকিৎসার জন্য বিদেশ যেতে মরিয়া অভিষেক, কী জানাল সুপ্রিম কোর্ট ?

বিজেন্দ্র সিংহ, নয়া দিল্লি : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের । ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের । শর্তসাপেক্ষে বিদেশ যাওয়ার অনুমতি সুপ্রিম কোর্টের।
আদালতে রাজ্যের তরফে বলা হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক মামলা চলছে। তাই তাঁরা আশঙ্কা করছেন, একবার বিদেশ চলে গেলে তিনি আর দেশে নাও ফিরতে পারেন। সেক্ষেত্রে প্রয়োজনে, আগে দেশেই তাঁর এমআরআই, হেলথ চেকআপ করা হোক । যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের তাঁকে বিদেশে যাওয়ার অনুমতি দিন।
অভিষেকের আইনজীবী আদালতে জানান, তাঁর মক্কেল এর আগে পনেরো বার চিকিৎসা করিয়েছেন, ফিরেও এসেছেন। কলকাতায় তাঁর স্ত্রী, সন্তান আছে, তিনি একজন সাংসদ,তিনি একটি দলের জেনারেল সেক্রেটারি, তিনি পালিয়ে যাবেন, এ ধরনের আশঙ্কা কেন করছে পুলিশ ? দুই পক্ষের বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট তিন সপ্তাহের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশযাত্রার অনুমতি দেন।
তবে বিদেশে যাওয়ার আগে দু দিন আগে তাঁকে পুলিশের কাছে জানিয়ে যেতে হবে, তিনি কখন যাবেন, কখন ফিরবেন, ফ্লাইট ডিটেইলস, কোন হাসপাতালে তাঁর চিকিৎসা হবে ইত্যাদি। এছাড়াও বিদেশে তিনি কোন ঠিকানায় থাকবেন জানাতে হবে পুলিশকে।
সুপ্রিম কোর্টে এদিন অভিষেকের আইনজীবী বলেন, আগেও তিনি চোখের চিকিৎসা করাতে বিদেশ গিয়েছেন, হঠাৎ করে তাঁকে যেতে দেওয়া হচ্ছে না । তাঁর বিরুদ্ধে যে মামলাগুলি চলছে, সেগুনির প্রতিটিরই এফআইআর হয়েছে ৫ মে-র পর। তখন পুলিশের তরফ থেকে বলা হয়,৫ মে-র আগে তাঁর বিরুদ্ধেঅভিযোগ করা বা মুখ খোলার পরিস্থিতিই ছিল না। তাই এই এফআইআরগুলি ৫ মে-র পরই হয়েছে। তখন অভিষেকের আইনজীবী বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তদন্তে সহযোগিতা করেছেন। যখন যখন পুলিশ ডেকেছে, তিনি হাজিরা দিয়েছেন। এ কথা বলে আইনজীবী আদালতকে অনুরোধ করেন, তাঁর মক্কেলকে বিদেশযাত্রার অনুমতি দিতে। আদালত তখন তাঁকে ৩ সপ্তাহের জন্য বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার অনুমতি দেন।
এর আগে কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেয়েছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। তাঁকে চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি দেওয়া হয়নি। হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রশ্ন তোলেন, প্রায় ১৬টি মামলা আছে। কালকে নোটিস পাঠিয়ে হাজিরা দিতে বললে কী করবেন? এরপর মামলাই খারিজ করে দেয় আদালত। তারপর তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।






















