Weather Alert: কবে থেকে কমবে বৃষ্টি? আশার বাণী কি শোনাল হাওয়া অফিস? আগামী সপ্তাহে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া
West Bengal Weather Update: সক্রিয় নিম্নচাপের কারণে উত্তাল হতে পারে সমুদ্র। আর তাই হাওয়া অফিসের তরফে পশ্চিমবঙ্গের উপকূলের মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : কবে থেকে কমবে বৃষ্টি? আশার বাণী শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে, রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে। সোমবারও কমই থাকবে ঝড়বৃষ্টির পরিমাণ। তবে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ এবং তীব্রতা - দুটোই কমবে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে চলেছে। আজ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে এই নিম্নচাপ তৈরি হবে। নিম্নচাপের এলাকা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিস্তৃত থাকবে। এর পাশাপাশি মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপকূলে সক্রিয়। কাঁথির ওপর দিয়ে এই অক্ষরেখা পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকবে বলে জানা গিয়েছে।
সক্রিয় নিম্নচাপের কারণে উত্তাল হতে পারে সমুদ্র। আর তাই হাওয়া অফিসের তরফে পশ্চিমবঙ্গের উপকূলের মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। আজ অর্থাৎ ৮ অগস্ট শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর। পশ্চিমবঙ্গের উপকূলে সমুদ্র উত্তাল হবে বলে সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস। এর পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
আজ দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা রয়েছে সকাল থেকে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে সব জেলাতে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতাও রয়েছে বেশ কয়েকটি জেলায়। রবিবার ও সোমবার বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার আবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে দক্ষিণবঙ্গে। আজ ছয় জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সর্তকতা রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে আজ। তার সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
অন্যদিকে, উত্তরবঙ্গেও প্রায় সব জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। আজ ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। রবিবার বাড়বে পারে বৃষ্টির পরিমাণ। সোমবার থেকে আবার কমবে বৃষ্টি। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর - এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। শুধুমাত্র জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির হলুদ সর্তকতাজারি রয়েছে। এই তিন জেলার ২-১ জায়গায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রবিবার ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। মালদা এবং দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ৩০-৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে, আর তাই জারি রয়েছে হলুদ সর্তকতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি - এই জেলাগুলিতে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আজ কলকাতায় দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। একই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।























