Election News: টালিগঞ্জে বিজেপি নেতাকে মারধর, হামলায় গুরুতর আহত, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ
West Bengal Election News: রাতে তাঁকে হাসপাতালে দেখতে যান টালিগঞ্জের বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী। তাঁর দাবি, ভয় পেয়েই হামলা চালিয়েছে তৃণমূল

কলকাতা: খাস কলকাতায় (Kolkata) বিজেপি (BJP) নেতাকে মারধরের অভিযোগ! টালিগঞ্জের (Tollygunj) বিজেপির মণ্ডল সভাপতিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। নাম সঞ্জয় জয়ধর। টালিগঞ্জ ১ নম্বর মণ্ডলের সভাপতি তিনি।
কী ঘটেছে?
গতকাল রাত সাড়ে ১২টা নাগাদ, ভোটের কাজ সেরে বাড়ি ফিরছিলেন ওই বিজেপি নেতা। অভিযোগ, সেইসময়ই টালিগঞ্জের নেহরু কলোনি এলাকায়, তাঁর ওপর হামলা চালায় বেশ কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। আক্রান্ত অবস্থায় এম আর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
রাতে তাঁকে হাসপাতালে দেখতে যান টালিগঞ্জের বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী। তাঁর দাবি, ভয় পেয়েই হামলা চালিয়েছে তৃণমূল। ইতিমধ্যেই এই ঘটনায় রিজেন্ট পার্ক থানায় ৪ জন তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
জেলাতেও একই পরিস্থিতি?
এদিকে আজ, বাঁকুড়ার ইন্দাসে, বিজেপি প্রার্থী নির্মল ধাড়ার ভোটপ্রচারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়াল তৃণমূল-বিজেপি। সংঘর্ষে আহত হল ৭ বছরের এক শিশু সহ দু'পক্ষের বেশ কয়েকজন। স্লোগানযুদ্ধ থেকে দুই পক্ষের তীব্র বাদানুবাদ, ধাক্কাধাক্কি, হাতাহাতি বাদ গেল না কিছুই। প্রচার বন্ধ করে আহত শিশুকন্যাকে নিয়ে থানায় হাজির হল তৃণমূল। একদিকে, প্রচারের নামে স্থানীয় তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। পাল্টা বিজেপি কর্মীদের স্থানীয় ক্লাবে আটকে রাখার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
বিস্ফোরক ভিডিও ভাইরাল
এদিকে, এরই মধ্যে "রাস্তায় বিজেপি, RSS কর্মীদের দেখতে পেলেই মেরে ফেলতে হবে"। সম্প্রতি বিজেপি, RSS কর্মী সমর্থকদের খুনের হুমকির একটি ভাইরাল ভিডিও ঘিরে জোর চাঞ্চল্য শুরু হয়েছে।
ইতিমধ্যেই এই ঘটনায় নির্বাচন কমিশনে অভিযোগ জমা পড়েছে। কমিশনের নির্দেশে, তৎপর হয়েছে রাজ্য পুলিশের সাইবার অপরাধ শাখা। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের পরিচয় শনাক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। জায়গায় জায়গায় চলছে তল্লাশি অভিযান। অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।




















