Humayun Kabir Video: '১৯ নয়, ৫১ মিনিট' ! পুরো ভিডিও সামনে আনার চ্যালেঞ্জ হুমায়ুনের, কী আছে এতে?
Humayun Kabir On Leaked Video: হুমায়ুন কবীরের এক ভিডিও 'ফাঁস' করেছিল তৃণমূল। এবার চক্রান্তের অভিযোগে সরব হলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। পুরো ভিডিও সামনে আনার চ্যালেঞ্জ করলেন তিনি।

কলকাতা: বঙ্গ ভোটের মুখে হুমায়ুন কবীরের এক ভিডিও 'ফাঁস' করেছিল তৃণমূল। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। তৃণমূল অভিযোগ জানিয়েছিল যে, বিজেপির সঙ্গে ‘গোপন আঁতাঁত’ রয়েছে আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীরের। প্রায় ১০০০ কোটি টাকা চেয়েছেন হুমায়ুন। ৩০০ কোটি অ্যাডভান্সও নিয়েছেন। আর এই ভিডিও ফাঁস হতেই ক্ষোভ প্রকাশ করেছিলেন ভরতপুরের বিধায়ক। যাবতীয় অভিযোগ অস্বীকার করে হুমায়ুন জানিয়েছিলেন, পুরোপুরি AI দিয়ে করা হয়েছে। কিন্তু শনিবার এই ভিডিও নিয়ে তৃণমূলকে ফের বড় চ্যালেঞ্জ করলেন হুমায়ুন।
স্টিং ভিডিও-র পাল্টা চ্যালেঞ্জ হুমায়ুন কবীরের। এবার চক্রান্তের অভিযোগে সরব হলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। পুরো ভিডিও সামনে আনার চ্যালেঞ্জ করলেন তিনি। হুমায়ুন জানান, 'আমার কাছে ৫১মিনিটের ভিডিও আছে, ওরা দেখিয়েছে ১৯মিনিট।' 'অভিষেক বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি থেকে একজনকে সন্ন্যাসী সাজিয়ে পাঠিয়েছিলেন, আরেকজন দিল্লির সাংবাদিককেও পাঠানো হয়েছিল।' 'দু-জনকেই সামনে এনে এবার পুরো ভিডিও প্রকাশ করব।' পাল্টা চ্যালেঞ্জ হুমায়ুন কবীরের।
ফাঁস হওয়া ভিডিও নিয়ে পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে হুমায়ুন কবীর বলেন, '' ভিডিও-তে নরেন্দ্র মোদি বা অমিত শাহের সঙ্গে সামনা-সামনি বসে মিটিং করছি ওরা দেখাতে পারেনি। আমি কথা বলছি, অপরদিকে হিন্দিতে কথা বলছে, আমিও তার সঙ্গে হিন্দিতে কথা বলছি। এটা আমার কাছে তথ্য আছে প্রায় ৫১ মিনিটের। আর ভিডিও দেখান হয়েছে ১৯ মিনিট ১৪ সেকেণ্ড-এর। আমি পুরো ভিডিও সামনে আনব। সেই ভিডিও, অভিষেক বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি থেকে একজনকে সন্ন্যাসী সাজিয়ে পাঠিয়েছিলেন, আরেকজন দিল্লির সাংবাদিককে পাঠিয়েছিলেন। এরা অভিষেকের লোক। দু-জনকেই সামনে এনে এবার পুরো ভিডিও প্রকাশ করব।'' ''এটা পরিকল্পনা ওদের, হুমায়ুন কবীরকে মুসলমানের নেতা হতে দেবে না।
'ফাঁস' হওয়া ভিডিওতে কী বলছিলেন হুমায়ুন?
হুমায়ুন: আমার টাকা চাই। মুসলিমদের একত্রিত করার জন্য এবং তাদের ভোট পাওয়ার জন্য। প্রত্যেকটা সিট-এ ৩ থেকে ৪ কোটি টাকা খরচ হবে।
উল্টো দিকের ব্যক্তির প্রশ্ন: আপনার মোট কত টাকা প্রয়োজন? যাতে আপনি পুরো কাজটি করতে পারবেন।
হুমায়ুন: আমার এই কাজটি তখন হবে, যখন আমার কাছে ১০০০ কোটি টাকা থাকবে।
উল্টো দিকের ব্যক্তির প্রশ্ন: ১০০০ কোটি টাকা?
হুমায়ুন: হ্যাঁ। আপনাদের থেকে যে ১০০০ কোটি চাইছি, আমি ৩০০ কোটি টাকা রেখে দেব। বিহারে নীতিশ কুমার ঠিক যা করেছিল। এখানে মাসে ১০০০ টাকা করে দেয়, আর বছরে সেটা হয়ে দাঁড়ায় ১২,০০০। আর বিহারে দিয়ে দিলো ১০,০০০ টাকা করে প্রতি পরিবারকে। আর এই ভাবেই আপনি সব ভোট কিনে নিলেন।
উল্টো দিকের ব্যক্তির প্রশ্ন: তার মানে আপনি বলতে চাইছেন ঠিক এই ভাবেই আপনি মুসলিমদের বোকা বানাবেন..., কিন্তু তারা কি এতো সহজে বোকা হয়ে যাবে ?
হুমায়ুন: নিশ্চই হবে বোকা।
উল্টো দিকের ব্যক্তির প্রশ্ন: আমরা আত্মবিশ্বাসের সঙ্গে অথরিটিকে জানিয়ে দিচ্ছি যে আপনার টাকা লাগবে।
হুমায়ুন: হ্যাঁ
উল্টো দিকের ব্যক্তির প্রশ্ন: যদি আপনি এই টাকাটা পেয়ে যান, তাহলে আগামীদিনে আপনি ৫০-৬০ টা সিট জিতবেন কম করে।
হুমায়ুন: আপনাকে পুরো টাকাটা একবারে দিতে হবে না। আপনি ভাগ ভাগ করে দিতে পারেন। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ২০০ কোটি টাকা দিয়ে দিন।





















