Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Emraan Hashmi: বক্স অফিসে বাজিমাত 'আওয়ারাপন ২'-র। এমরা হাশমির হয়ে কলম ধরলেন স্ত্রী পরভীন।

নয়াদিল্লি: ছবির গল্প, অভিনয় নিয়ে তেমন মাথাব্যথা ছিল না। স্রেফ নস্ট্যালজিয়ার খাতিরেই সিনেমা হলে ছুটেছেন বহু মানুষ। আর তাতেই নায়ক হিসেবে কেরিয়ারের সবচেয়ে বড় সাফল্য পেলেন বলিউড অভিনেতা এমরান হাশমি। মাত্র চার দিনেই ১৩০ কোটি টাকার বেশি ব্য়বসা করেছে ‘আওয়ারাপন ২’। স্বামীর সাফল্যের নেপথ্যলড়াই এবার তুলে ধরলেন এমরানের স্ত্রী পরভীন। (Emraan Hashmi)
অন্য তারকা স্ত্রীদের চেয়ে একেবারেই আলাদা পরভীনের। সচেতন ভাবেই পাপারাৎজিদের এড়িয়ে চলেন তিনি। প্রকাশ্যে স্বামীকে নিয়ে কোনও মন্তব্য করা তো দূর, সেভাবে দেখাও যায় না তাঁকে। তবে ‘আওয়ারাপন ২’-র সাফল্যে আবেগ ধরে রাখতে পারলেন না তিনি। সোশ্যাল মিডিয়ায় স্বামীর সাফল্য উদযাপনই করলেন না শুধুমাত্র, নেপথ্যলড়াইও তুলে ধরলেন। (Awarapan 2 Success)
ইনস্টাগ্রামে এমরানকে নিয়ে দীর্ঘ একটি লেখা পোস্ট করেছেন পরভীন। তাঁর বক্তব্য, ‘এই জায়গায় পৌঁছতে ২৩ বছর লাগল এমির (এমরান)...২৩ বছরের ধৈর্য, অধ্যাবসায়, আস্থা, সমর্পণ, আশীর্বাদ এবং প্রার্থনা!! কিছু শুক্রবার অসম্ভব আনন্দ দিয়েছে, কিছু শুক্রবার আবার ভেঙে খান খান করে দিয়েছে মনকে, বয়ে এনেছে হতাশা। কিন্তু কোনও কিছুই ওকে থামাতে পারেনি’।
আরও পড়ুন: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
পরভীন আরও লেখেন, ‘ও নিজের কাজ করে যাচ্ছিল। বিশ্বাস ছিল, পরিশ্রমের মূল্য একদিন পাবেই। আমি দেখেছি, প্রত্যেকটি কাজে নিজেকে একেবারে উজাড় করে দেয় ও। এখন এত সাফল্যের পরও চারপাশের মানুষ জানতে চাইছেন, ‘কী করে ও মাটির কাছাকাছি রেখেছে নিজেকে’? এই জন্যই ও আলাদা। আর তাই ওর অনুরাগী থেকে ইন্ডাস্ট্রির লোকজন অনুভব করেন যে, ‘গোটা বলিউড একদিকে, আর এমরান হাশমি অন্য দিকে’। পর্দার পিছনে কী ঘটে, আমি রোজ দেখতে পাই। ও চিত্রনাট্য নিয়ে পড়াশোনা করে, তেলুগু ডায়লগও শেখে, দরজা বন্ধ করে প্রত্যেকটা দৃশ্য প্র্যাকটিস করে ও, মেপে খায়, শরীরচর্চা করে, নিজের খেয়াল রাখে। প্রত্যেক দিন এই নিয়মে চলে, একদিনও অন্যথা হয় না। রুটিন থেকে একচুল সরে না। এমনকি ছুটি কাটাতে গেলেও নয়। আমরা সবাই এগুলো জানি’।
আরও পড়ুন: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
পরভীন জানিয়েছেন, ‘আওয়ারাপন ২’-র দৌলতে দর্শকের যে ভালবাসা পাচ্ছেন এমরান, তা তাঁর প্রাপ্য। স্বামীকে নিয়ে গর্ব অনুভব করছেন তিনি। এমরানের এই সাফল্য বাকিদেরও অনুপ্রাণিত করবে বলে আশাবাদী পরভীন। তিনি লেখেন, ‘স্বপ্ন দেখে থাকলে হার মানবেন না। লক্ষ্যে অবিচল থাকুন, শৃঙ্খলাপরায়ণ থাকুন, ভবিষ্যতের পথে এগিয়ে চলুন, উপক্ষোব করুন জীবনের যাত্রাপথকে’।
‘আওয়ারাপন ২’-র এই সাফল্য শুধুমাত্র এমরানের জন্য নয়, প্রযোজক বিশেষ ভট্ট, সুরকার অমল মালিকের কেরিয়ারের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত চার দিনে ১৩০ কোটি টাকারও বেশি ব্যবসা করেছে ছবিটি। ভারতেই ব্যবসা করেছে ৯১ কোটি টাকার। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘আওয়ারাপন’ যদিও এই সাফল্য পায়নি। কিন্তু ‘আওয়ারাপন ২’ নিয়ে গোড়া থেকেই আত্মবিশ্বাসী ছিলেন এমরান।






















