Rahul Arunodoy Banerjee Death: ১৮ বছর আগে 'পিয়া রে' ঝড় তুলেছিল ব্যথিত হৃদয়ে, জুবিনের পর সমুদ্রই প্রাণ কাড়ল রাহুলেরও
Rahul Arunodoy Banerjee Demise: আঠারো বছর আগের তৈরি একটা ছবির গান ও তাঁর সঙ্গে জড়িয়ে থাকা দুটো মানুষ কেমন অদ্ভুতভাবেই ৬ মাসের মধ্যে মিলে গেলেন। বলা ভাল মৃত্যু মিলিয়ে দিল তাঁদের।

কলকাতা: সালটা ২০০৮। বাংলা ছবিতে হঠাৎ করেই ধূমকেতুর মত উত্থাণ এক নতুন জুটির। রাহুল-প্রিয়ঙ্কা। তাঁদের নিয়ে রুপোলি পর্দায় মেনস্ট্রিম সিনেমা বানানোর সাহস দেখিয়েছিলেন রাজ চক্রবর্তী। রবি ওঝার প্রোডাকশনের 'খেলা' ধারাবাহিকে ২ জনকে প্রথম দেখেন। এরপরই ভেবে নিয়েছিলেন এই দুই নতুন মুখকে নিয়েই নিজের প্রথম ছবিতে কাজ করবেন। যা হবে একটি আদ্যোপান্ত বাণিজ্যিক ছবি। 'চিরদিনই তুমি যে আমার' বাংলার বুকে সিমেনা জগতে এক মাইলস্টোন গড়েছিল সেই সময়। মফঃস্বল তো বটেই শহুরে বাঙালিও একেবারে ছাপোষা দুই তরুণ-তরুণীর কেমিস্ট্রিকে দরাজ সার্টিফিকেট দিয়েছিলেন। আর সেই ছবিরই বিখ্যাত গান ছিল 'পিয়া রে'। যা ব্যথিত হৃদয়ে আজও ঝড় তোলে। গানের শ্রষ্টা ছিলেন অসমের বিখ্যাত গায়ক জুবিন গর্গ। যিনি গত ১৯ সেপ্টেম্বর প্রয়াত হয়েছেন। আর গতকাল ২৯ মার্চ চলে গেলেন ছবির নায়ক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। আঠারো বছর আগের তৈরি একটা ছবির গান ও তাঁর সঙ্গে জড়িয়ে থাকা দুটো মানুষ কেমন অদ্ভুতভাবেই ৬ মাসের মধ্যে মিলে গেলেন। বলা ভাল মৃত্যু মিলিয়ে দিল তাঁদের।
'ভালবাসা কেন এত অসহায়...বুকে প্রেম মনে আশা নিভে যায়..'। রবিবার রাহুলের মর্মান্তিক মৃত্যুর খবর সামনে আসার পর থেকেই সোশ্য়াল মিডিয়ায় এই একটি গান বারবার ঘুরে ফিরে আসছে। সেই ছবির ক্লিপ চোখের সামনে বারবার ভেসে আসছে। গত বছর ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে একটি ফেস্টিভ্যালে অংশ নিতে গিয়ে সমুদ্রে ডুবে প্রাণ হারিয়েছিলেন জুবিন। স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন তিনি। পুলিশ যখন দেহ উদ্ধার করে তখন শরীরে আর প্রাণ বেঁচে ছিল না। আর ছয় মাস পরে তালসারিতে একটি সিরিয়ালের শ্যুটিং করতে গিয়ে সেই সমুদ্রেই প্রাণ হারাতে হল রাহুলকেও। ইতিমধ্যেই ওড়িশা পুলিশের দাবি, সমুদ্রে নাচের দৃশ্যের শ্যুটিং চলাকালীন চোরাবালিতে ডুবে যান রাহুল। দুর্ঘটনার পর রাহুলকে উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।
সত্যিই জীবনে বেঁচে থাকাটাই বোধহয় সবচেয়ে আশ্বর্যের! নইলে এমন বিরল মিলও হয়। জুবিনের বাংলা ছবিতে অজস্র সুপারহিট গানের মধ্যে প্রথম সুপার হিট গানটিই ছিল 'পিয়া রে'। সেই গানের গায়ক ও নায়ক একইভাবে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। অসংখ্য অনুরাগীর জন্য রেখে গেলেন তাঁদের সৃষ্টি।






















