এক্সপ্লোর
বিশেষ ডিরেক্টর রাকেশ আস্থানার বিরুদ্ধে দুর্নীতি মামলায় ডেপুটি এসপি দেবেন্দ্র কুমারকে গ্রেফতার করল সিবিআই

নয়াদিল্লি: রাকেশ আস্থানার বিরুদ্ধে দায়ের হওয়া দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় গ্রেফতার সিবিআইয়ের ডেপুটি পুলিশ সুপার পদমর্যাদার অফিসার দেবেন্দ্র কুমার। রাকেশ কেন্দ্রীয় তদন্ত সংস্থার স্পেশ্যাল ডিরেক্টর, সংস্থার দু নম্বর সর্বোচ্চ স্তরের কর্তা। গত সপ্তাহে তাঁর বিরুদ্ধে দুর্নীতি মামলা দায়ের করে সিবিআই। আজ সিবিআইয়ের তরফে বলা হয়, চলতি তদন্তের ব্যাপারে মিথ্যা বয়ান দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে দেবেন্দ্রকে। আস্থানার বিরুদ্ধ দায়ের হওয়া দুর্নীতি মামলায় নাম রয়েছে দেবেন্দ্রর। সিবিআই মাংস রপ্তানিকারী ব্যবসায়ী মঈন কুরেশির বিরুদ্ধে যে মামলায় তদন্ত চালাচ্ছে, দেবেন্দ্র ছিলেন তার তদন্তকারী অফিসার। জনৈক সিবিআই অফিসার বলেছেন, তদন্ত সংস্থা দেখেছে, সিবিআইয়ের ডিরেক্টর অলোক ভার্মার বিরুদ্ধে কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনের কাছে আস্থানা যে ভিত্তিহীন নালিশ জানিয়েছেন, তাকে শক্তিশালী করতে ভাবনাচিন্তা করে প্ল্যানমাফিক মিথ্যা বলেছেন দেবেন্দ্র। হায়দরাবাদের ব্যবসায়ী সতীশ সানা বাবুর অভিযোগের ভিত্তিতে গত সপ্তাহে আস্থানার নামে মামলা করে সিবিআই। সতীশের দাবি, মামলায় অব্যাহতি পেতে আস্থানার হস্তক্ষেপের জন্য মনোজ প্রসাদ ও সোমেশ প্রসাদ নামে দুই ভাইয়ের দাবি মতো তিনি ৫ কোটি টাকা দিয়েছেন। অভিযোগ, সতীশের বয়ান রেকর্ডিংয়ে জালিয়াতি করেছেন দেবেন্দ্র। আস্থানার নেতৃত্বে সিবিআইয়ের তদন্তকারী দল নাকি সতীশের বয়ান নথিভুক্ত করে ২০১৮-র ২৬ সেপ্টেম্বর। কিন্তু সিবিআই তদন্তে বেরয় যে, সেদিন তিনি হায়দরাবাদে ছিলেন। সতীশ তাঁর বিবৃতিতে জানান, তিনি গত জুনে তাঁর মামলার ব্যাপারে তেলুগু দেশম পার্টির রাজ্যসভা সদস্য সি এম রমেশের সঙ্গে আলোচনা করেন, রমেশ সিবিআই ডিরেক্টরের সঙ্গে কথা বলে তাঁকে আশ্বস্ত করেন যে, আর তাঁকে তলব করবে না তদন্ত সংস্থা। সতীশ নাকি বলেন, জুনের পর থেকে আমায় সিবিআই আর ডাকেনি, ফলে আমার ধারণা হয়, আমার বিরুদ্ধে তদন্ত সম্পূর্ণ হয়ে গিয়েছে। সিবিআইয়ের দাবি, দেবেন্দ্র রীতিমতো ঠান্ডা মাথায় সতীশের এই বিবৃতিকে বিকৃত করেন সংস্থার ডিরেক্টর অলোক ভার্মার বিরুদ্ধে সিভিসি-র কাছে আস্তানার পেশ করা ভিত্তিহীন অভিযোগ সত্যি বলে দেখানোর জন্য। সিবিআই জানিয়েছে, আস্থানার নেতৃত্বাধীন বিশেষ তদন্ত টিমের বাকি সদস্যদের বিরুদ্ধে ওঠা অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। ভার্মার বিরুদ্ধে আস্থানা গত ২৪ আগস্ট অভিযোগ করেন, সতীশকে মামলা থেকে রেহাই দিতে তাঁর কাছ থেকে ২ কোটি টাকা ঘুষ নিয়েছেন তিনি।
আরও পড়ুন
সেরা শিরোনাম
বিজ্ঞান
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের























