BJP News : কামব্যাক স্মৃতি ইরানির, বাদ পড়লেন অমিত মালব্য ; বিজেপির নতুন সর্বভারতীয় টিমে বড় চমক
Amit Malviya : তালিকা থেকে বাদ পড়েছে অমিত মালব্যর নাম।

নয়াদিল্লি : দলের নতুন সর্বভারতীয় টিম ঘোষণা করলেন বিজেপি সভাপতি নিতীন নবীন। এই রদবদলে যাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে এবং প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানি। তালিকা থেকে বাদ পড়েছে অমিত মালব্যর নাম। বিজেপির নতুন সোশ্যাল মিডিয়া কনভেনরের দায়িত্ব দেওয়া হয়েছে দীপক মাহাস্কে-কে। IT সেলের প্রধান এখন থেকে তিনি।
সর্বভারতীয় সহ-সভাপতির দায়িত্বে কারা ?
উত্তর প্রদেশ ও পঞ্জাব-সহ বিভিন্ন রাজ্যে নির্বাচনের আগে দলের ভেতরে এই রদবদল ঘটল। দলে সর্বভারতীয় সহ সভাপতির দায়িত্বে আনা হয়েছে- বসুন্ধরা রাজে সিন্ধিয়া (রাজস্থান), তীরথ সিং রাওয়াত (উত্তরাখণ্ড), রাম মাধব (দিল্লি), বৈজয়ন্ত জয় পাণ্ডা (ওড়িশা), ডি পুরন্দেশ্বরী (অন্ধ্রপ্রদেশ), রেখা ভার্মা (উত্তরপ্রদেশ), বর্ষাবেন নরেন্দ্রভাই দোশী (গুজরাত) ও ভারতী প্রবীণ পাওয়ার (মহারাষ্ট্র)-দের। গেরুয়া শিবির তাদের দলে কবিতা পাতিদার, কে সুরেন্দ্রন, সন্দীপ পাঠক এবং মনোজ টিগ্গা-সহ অনেক নতুন মুখকে অন্তর্ভুক্ত করেছে।
भाजपा राष्ट्रीय अध्यक्ष श्री @NitinNabin द्वारा निम्नलिखित सदस्यों को भाजपा के राष्ट्रीय पदाधिकारी एवं अन्य दायित्वों पर नियुक्त किया जा रहा है। (1/2) pic.twitter.com/tcTJsJG0dc
— BJP (@BJP4India) August 17, 2026
উত্তরপ্রদেশ ও পঞ্জাব-সহ বিভিন্ন রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন ও দলীয় কাজকর্ম পরিচালনায় দলের প্রধান নীতিন নবীনকে সাহায্য করার জন্য ভারতীয় জনতা পার্টি যে পদাধিকারীদের তালিকা ঘোষণা করেছে, তাতে "অভিজ্ঞতা ও উদ্দীপনার এক সমন্বয়" বেছে নেওয়া হয়েছে। রাজনৈতিক প্রত্যাবর্তন হল প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানির। যে আটজন কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছে স্মৃতির নাম। আরএসএস-এর বিশিষ্ট তাত্ত্বিক রাম মাধবকে সহ-সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। এই নিয়োগগুলির মাধ্যমে বিজেপি তরুণ নেতা ও প্রবীণ রাজনীতিবিদদের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছে। দলীয় পদাধিকারীদের মধ্যে প্রায় ৪০ শতাংশই প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। পাশাপাশি, বিজেপি দেশের সব প্রধান অঞ্চলের নেতাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করারও উদ্যোগ নিয়েছে।
এদিকে নাগাল্যান্ডের রাজ্যসভার সাংসদ ফাংনন কোনিয়াক এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগের মাধ্যমে বিজেপি উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিকে প্রতিনিধিত্ব দেওয়ার চেষ্টা করেছে।
এর পাশাপাশি দলের তরফে শিক্ষাবিদ এবং চিকিৎসকদেরও নাম তালিকাভুক্ত করা হয়েছে। দক্ষিণ ভারত থেকে অন্ধ্রপ্রদেশের ডি পুরন্দেশ্বরী কেন্দ্রীয় সহ সভাপতি হয়েছেন এবং তামিলনাড়ু থেকে এম ভেঙ্কটেশন জাতীয় সম্পাদক হয়েছেন।






















