France Death : ভয়াবহ তাপপ্রবাহে ফ্রান্সে মৃত্যুমিছিল! মাত্র ৫ দিনে ডুবে মৃত্যু ৪০ জনের, বেশিরভাগই কিশোর
France Heatwave Deaths: একের পর এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে। ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু এই ঘটনাকে "একটি মর্মান্তিক সামাজিক অভিশাপ" বলে উল্লেখ করেছেন।

ইউরোপের বড় অংশ জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। তারই মধ্যে ভয়াবহ পরিস্থিতি ফ্রান্সে। মাত্র পাঁচ দিনের মধ্যে অন্তত ৪০ জনের ডুবে মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফরাসি সরকার। মৃতদের অধিকাংশই কিশোর ও তরুণ, যারা নজরদারি ছাড়াই জলাশয় বা পুলে স্নান করতে নামে। মঙ্গলবারই জরুরি ভিত্তিতে মন্ত্রিসভার একটি বৈঠক ডাকা হয়। ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু জানান, দেশের বিভিন্ন এলাকায় তীব্র গরম পড়েছে। সাময়িক স্বস্তি পেতে বহুজনই পুলে স্নান করতে নামছে। এছাড়াও নদী, ছোট জলাশয় ও খালেও নামছে কেউ কেউ । এর ফলেই একের পর এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে। তিনি এই ঘটনাকে "একটি মর্মান্তিক সামাজিক অভিশাপ" বলে উল্লেখ করেছেন।
অধিকাংশ মৃত্যুই অসুরক্ষিত জলাশয়ে
ফ্রান্সের যুবকল্যাণ বিষয়ক মন্ত্রী মারিনা ফেরারি এক রেডিও সাক্ষাৎকারে বলেন, অধিকাংশ দুর্ঘটনাই ঘটেছে হ্রদ, খাল এবং অন্যান্য নজরদারিবিহীন জলাশয়ে। তাঁর কথায়, "এমন তীব্র তাপপ্রবাহের সময় অসুরক্ষিত এলাকায় সাঁতার কাটতে নামা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।"
৪০ ডিগ্রি ছুঁতে পারে প্যারিসের তাপমাত্রা
গত সপ্তাহের মাঝামাঝি থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে ইউরোপের একাধিক দেশ বিপর্যস্ত। আবহবিদদের পূর্বাভাস অনুযায়ী, প্যারিসে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে, যা শহরের সর্বকালের রেকর্ডের কাছাকাছি। অন্যদিকে, মধ্য ফ্রান্সের কিছু এলাকায় পারদ ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দেশের অর্ধেকের বেশি এলাকায় জারি লাল সতর্কতা
ফ্রান্সের আবহাওয়া দফতর মেতেও-ফ্রঁস (Météo-France) জানিয়েছে, দেশের অর্ধেকেরও বেশি অঞ্চল বর্তমানে 'রেড অ্যালার্ট'-এর আওতায় রয়েছে, যা সর্বোচ্চ সতর্কতা স্তর। সংস্থার মতে, দিন ও রাত—দু'সময়েই অস্বাভাবিক উচ্চ তাপমাত্রা বজায় থাকবে, যা মানুষের স্বাস্থ্যের উপর গুরুতর প্রভাব ফেলতে পারে।
ভাঙছে একের পর এক তাপমাত্রার রেকর্ড
প্রধানমন্ত্রী লেকর্নু জানান, "প্রতিদিন এবং প্রতি রাতেই স্থানীয় ও জাতীয় স্তরে তাপমাত্রার নতুন রেকর্ড তৈরি হচ্ছে।" মেতেও-ফ্রঁসের তথ্য অনুযায়ী, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ফ্রান্সে ১৯৪৭ সালের পর সবচেয়ে উষ্ণ রাত রেকর্ড করা হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইউরোপে চরম আবহাওয়ার ঘটনা আরও ঘন ঘন এবং আরও তীব্র হয়ে উঠছে। ফ্রান্সের বর্তমান তাপপ্রবাহ সেই উদ্বেগকেই আরও বাড়িয়ে তুলেছে।
আরও পড়ুন : কলকাতায় ক্লাউডবার্স্ট? নাকি মাইক্রোবার্স্ট? দুইয়ের কী ফারাক?























