Iran Government : খামেনেইয়ের উত্তরসূরি নিযুক্ত পুত্র মোজতাবা ? রিপোর্ট ওড়াল ইরান সরকার
Iran's Supreme Leader Issue : ইরানে রাষ্ট্রীয় নীতি থেকে সেনাবাহিনী, সবকিছুর নিয়ন্ত্রণ থাকে সর্বোচ্চ নেতার হাতে।

তেহরান : ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন প্রয়াত আয়াতোল্লা আলি খামেনেই-এর পুত্র মোজতাবা খামেনেই । এমনই খবর ছড়িয়ে পড়েছে সর্বত্র। যে দাবি উড়িয়ে দিল ইরান সরকার। এমনই খবর সংবাদ সংস্থা এএনআই সূত্রের। মুম্বইয়ে কনস্যুলেট জেনারেলের মাধ্যমে এই রিপোর্ট অস্বাকীর করে তারা। তাদের দাবি, ইজরায়েল সংবাদমাধ্যম থেকে এই ভুয়ো খবর ছড়িয়েছে। এমনকী এই খবরও সামনে আসে যে, ইরানের ইসলামিক রেভেলিউশনারি গার্ডের চাপে নাকি মসনদে বসেছেন মোজতাবা। যদিও এমন রিপোর্ট খারিজ করে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ইরানে রাষ্ট্রীয় নীতি থেকে সেনাবাহিনী, সবকিছুর নিয়ন্ত্রণ থাকে সর্বোচ্চ নেতার হাতে। কনস্যুলেটের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে, সংবাদ মাধ্যমে খবর ছড়িয়েছে যে ইরানের বিশেষজ্ঞদের অ্যাসেম্বলি নেতৃত্ব বেছে নিয়েছে। কিন্তু, এর কোনও সরকারি সূত্র নেই এবং তাই সরকারিভাবে এই রিপোর্ট অস্বীকার করা হচ্ছে।
এর আগে ইজরায়েল মিডিয়া খবর করেছিল যে, আয়াতোল্লা খামেনেইয়ের ছেলে মোজতাবাকে উত্তরসূরি বেছে নেওয়া হয়েছে। তাঁর বাবার উত্তরাধিকার হিসাবে সর্বোচ্চ নেতৃত্বের দায়িত্ব নেবেন তিনি। সিনিয়র আধিকারিকরা ইজরায়েল মিডিয়াকে জানিয়েছিলেন, অ্যাসেম্বলি খুব তাড়াতাড়ি সরকারিভাবে মোজতাবা খামেনেইয়ের নাম ঘোষণা করতে চলেছে। যদিও এনিয়ে সরকারিভাবে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। ইজরায়েল সংবাদমাধ্যম দাবি করেছে, তাঁরা বাবার থেকেও বেশি কট্টরপন্থী মোজতাবা এবং ইরানে আন্দোলনকারীদের ঠেকানোর নেপথ্যে হিংসাত্মক পথ বেছে নেওয়ার পিছনে তিনিই ছিলেন। ২০১৯ সালের নভেম্বর মাসে, আমেরিকার ট্রেজারি বিভাগ তাঁর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছিল।
এদিকে ইরানের সঙ্গে ইজরায়েল ও আমেরিকার রক্তক্ষয়ী সংঘর্ষ পঞ্চম দিনেও ভয়াবহ আকার নিয়েছে। হামলা-পাল্টা হামলার খবর আজও সামনে আসছে। যুদ্ধবিমানের কান ফাটানো আওয়াজ, ড্রোন আর মিসাইল থেকে ঠিকরে আসা আগুনের ঝলকানি, সঙ্গে মুহুর্মুহু সাইরেন, পশ্চিম এশিয়ার আকাশজুড়ে শুধুই যুদ্ধের গর্জন। শনিবার থেকে শুরু হওয়া সামরিক সংঘাত মেটার কোনও লক্ষণ তো নেইই, উল্টে পঞ্চম দিনেও তা পুরোদস্তুর জারি রয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেমন ইরানের শেষ দেখে ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন, তেমনই, তেহরানের তরফেও জানিয়ে দেওয়া হয়েছে, আক্রমণ বন্ধ না হলে, হামলার রাস্তা থেকে সরবে না তারাও। এই আবহে ইরানের স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, তেহরানে নতুন করে একাধিক জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইজরায়েলি সেনা সূত্রে দাবি করা হয়েছে, ইরানের বিভিন্ন লঞ্চ সাইট বা উৎক্ষেপণ কেন্দ্র, প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য পরিকাঠামোকে টার্গেট করে আরও জোরাল এয়ার স্ট্রাইক চালানো হচ্ছে।
ইরানের সেরা সাবমেরিনগুলি ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে আমেরিকা। অন্যদিকে, ইরানের তরফে ইজরায়েলে প্রত্যাঘাত জারি রয়েছে। চলছে ক্ষেপণাস্ত্র হামলা।





















