Iran-Israel war : আকাশ ছোঁবে পেট্রোল ডিজেলের দাম? রান্নার গ্যাস পাওয়া যাবে না? আশঙ্কায় এভাবে লাইন পেট্রোল পাম্পে!
Petrol Diesel Price Hike : বহু মানুষ তাঁদের গাড়ি নিয়ে দাঁড়িয়ে পড়েন পেট্রোল পাম্প ও গ্যাস স্টেশনগুলিতে। পারভানির প্রায় প্রতিটি পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন পড়ে যায়।

মুম্বই: যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। এই অবস্থায় উদ্বেগ বাড়ছে বিশ্বের তৃতীয় বৃহত্তম অপরিশোধিত তেলের আমদানিকারক দেশ ভারতের। যদিও ভারতের কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী আশ্বাস দিয়ে বলেছেন, এত ভয় পাওয়ার কিছু নেই ! বর্তমান পরিস্থিতির মোকাবিলা করার জন্য ভারতের হাতে পর্যাপ্ত শক্তি মজুত রয়েছে। তবে মানুষের মনে ভয় কাটছে না। অনেকের মনেই ভয় ঢুকে গিয়েছে, হঠাৎ যদি পেট্রোল ডিজেল না পাওয়া যায়? রান্নার গ্যাস আর পাওয়া যাবে তো? কেন্দ্রের অভয়বাণীর সত্ত্বেও পেট্রোল পাম্প গুলি সামনে দেখা গেল লম্বা লাইন।
মহারাষ্ট্রের পারভানি জেলায় দেখা গেল আশ্চর্য ছবি। পেট্রোল ডিজেল বাজারে অমিল হয়ে যাবে, এই ভয়া এলাকার বাসিন্দারা মঙ্গলবার ভিড় জমান পেট্রোল পাম্পগুলিতে। তেলের দাম বাড়াবে কেন্দ্রীয় সরকার , এই আশঙ্কায় অনেকেই লাইনে দাঁড়িয়েছেন। আবার অনেকে ভাবছেন, পেট্রোল ডিজেল ফুরিয়ে যেতে পারে। এমন গুঞ্জন মুখে মুখে ছড়িয়ে পড়তেই ওই শহরে বহু মানুষ তাঁদের গাড়ি নিয়ে দাঁড়িয়ে পড়েন পেট্রোল পাম্প ও গ্যাস স্টেশনগুলিতে। পারভানির প্রায় প্রতিটি পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন পড়ে যায়।
ইরান-ইজরায়েলের সংঘর্ষের সরাসরি প্রভাব পড়তে পারে বিশ্বব্যাপী তেল সরবরাহের উপর । এই আশঙ্কায়, পারভানির অনেক গাড়িচালক আগাম জ্বালানী ভরে রাখছে গাড়িতে। সেই সঙ্গে অনেকেই দাম বেড়ে যাওয়ারও আশঙ্কা করছেন। এই অনিশ্চয়তা বাড়ার সঙ্গে সঙ্গে, জেলায় জেলায় পেট্রোল পাম্পগুলিতে প্রচুর ভিড় জমতে শুরু করে। পিটিআই সূত্রে খবর, ভারতের প্রায় অর্ধেক অপরিশোধিত তেল এবং পেট্রোলিয়াম গ্যাস আমদানি হয় হরমুজ প্রণালী দিয়ে। তবে হালে হরমুজ প্রণালী দিয়ে ভারতের তেলবাহী জাহাজগুলিকে কোনও ছাড় দেয়নি ইরান। আর এই অবস্থায় উদ্বেগ বাড়ছে ভারতের। কারণ বিশ্বের তৃতীয় বৃহত্তম অপরিশোধিত তেলের আমদানিকারক দেশ হল ভারত। ইরাক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, কুয়েতের মতো দেশ থেকে ভারতের আমদানির প্রায় অর্ধেক অপরিশোধিত তেলই আসে এই হরমুজ প্রণালী হয়ে। দৈনিক হিসেবে ধরলে যা প্রায় ২৭ লক্ষ ব্যারলের কাছাকাছি! সরকারি সূত্র অনুযায়ী, দেশে এই মুহূর্তে ২৫ দিনের অপরিশোধিত তেল এবং ২৫ দিনের পেট্রোলিয়াম পণ্য মজুত রয়েছে। অর্থাৎ সবমিলিয়ে ৫০ দিনের জ্বালানি মজুত রয়েছে দেশে।






















