Narendra Modi : চাকরির পরীক্ষার জন্য বিনামূল্যে ট্রেনিং দেবে সরকার, ১ কোটি যুবাকে AI প্রশিক্ষণ, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
লালকেল্লা থেকে মোদির বড় ঘোষণা, এবার বিনামূল্যে অনলাইন কোচিং পাবেন দেশের তরুণরা

নয়া দিল্লি : মেক ইন ইন্ডিয়া-র মন্ত্র নিয়ে এগিয়ে চলেছে দেশ। অন্য কারও উপর আমরা নির্ভর করে থাকব না। স্বাধীনতার ৮০ বছর পূর্তিতে লাল কেল্লা থেকে বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বরাবরই যুবসমাজকে আগামীর বড় সম্পদ বলে এসেছেন প্রধানমন্ত্রী। এবারও বললেন, তরুণ প্রজন্মের হাতেই থাকবে দেশের আগামীর হাল। তাই শনিবার লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণে রইল তরুণদের জন্য একাধিক ঘোষণা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বললেন, বিনামূল্যে অনলাইন কোচিংয়ের ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় সরকার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, তরুণ প্রজন্মের জন্য বড় ভাবনা রয়েছে কেন্দ্রীয় সরকারে। এমন একটি নেটওয়ার্ক গড়ে তোলা হবে, যেখানে দেশের যুবারা কোনও খরচ ছাড়াই অনলাইনে কোচিংয়ের সুযোগ পাবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন কেরিয়ারমুখী প্রস্তুতিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে বহু পড়ুয়ার জন্য কোচিংয়ের খরচ বড় সমস্যা হয়ে দাঁড়ায়। শুধু কোচিং ফি নয়, অন্য শহরে গিয়ে পড়াশোনা করার ইচ্ছে থাকলেও উপায় থাকে না। তকরলে যাতায়াত ও থাকার খরচও বহন করতে হয়। ফলে মেধা থাকা সত্ত্বেও অনেক পড়ুয়া প্রয়োজনীয় প্রশিক্ষণ থেকে বঞ্চিত হন।
এই ধরনের অনলাইন নেটওয়ার্কের মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি পড়াশোনার সুযোগ পাবে কেরিয়ারমুখীরা। ফলে নামী কোচিং সেন্টারের জন্য বিপুল অর্থ খরচ আর হয়ত করতে হবে না ভবিষ্যতে। সারা বিশ্বের সঙ্গে ভারতেও অনলাইন শিক্ষার গুরুত্ব ক্রমশ বাড়ছে। পড়াশোনা, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে এই পদ্ধতি অবলম্বনই করতে চাইছে কেন্দ্রীয় সরকার। বিনামূল্যের এই উদ্যোগ অনেক পড়ুয়ার উপর বোঝা কমাতে হবে। বিনামূল্যে অনলাইন কোচিংয়ের পাশাপাশি আরও একটি বড় ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ১ কোটি তরুণকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
বর্তমানে শিক্ষা ও কর্মক্ষেত্রে AI-এর ব্যবহার দ্রুত বাড়ছে। বিভিন্ন পেশায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারও বাড়ছে। এই পরিস্থিতিতে তরুণ প্রজন্মকে ভবিষ্যতের কর্মসংস্থানের জন্য AI প্রশিক্ষণ দেবে সরকার। এক কোটি যুবক-যুবতীকে AI প্রশিক্ষণের আওতায় আনা হবে।
তবে এই বিনামূল্যের অনলাইন কোচিং নেটওয়ার্ক কবে থেকে চালু হবে,এখনও নির্দিষ্ট করে বলা হয়নি।
আরও পড়ুন : বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে























