এক্সপ্লোর
কৃষকদের আন্দোলনকে কটাক্ষ, ইউপিএ-র তুলনায় কৃষিতে উত্পাদন, ফলন, বরাদ্দ বেড়েছে মোদী জমানায়, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

পটনা: ইউপিএ জমানার সঙ্গে তুলনা টেনে কেন্দ্রে চার বছরের এনডিএ আমলে কৃষিতে উত্পাদন, ফলন ক্ষমতা বেড়েছে বলে দাবি করলেন কেন্দ্রীয় কৃষি ও কৃষকদের মঙ্গল সংক্রান্ত মন্ত্রী রাধা মোহন সিংহ। পাশাপাশি রাজ্যে রাজ্যে ১০ দিনের কৃষক আন্দোলনের দ্বিতীয় দিনে তিনি এমন এক মন্তব্য করেছেন যা বিতর্কের সূত্রপাত করেছে। তিনি বলেছেন, মিডিয়ায় প্রচার পেতে হলে অভিনব কিছু তো করতে হয়। সেজন্যই এই কৃষক আন্দোলন। দেশে কোটি কোটি কৃষকের মধ্যে একটা অংশ বিক্ষোভ, আন্দোলন করলে সরকারের কিছু এসে যায় না। কৃষিক্ষেত্রে মোদী সরকার পলিসিগত সংস্কারেও উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি। বিহার থেকে নির্বাচিত রাধামোহন এনডিএ সরকারের চার বছরের শাসনে তাঁর মন্ত্রক যেসব কর্মসূচি, প্রজেক্ট চালু করেছে, সাফল্য পেয়েছে, সেগুলি সাংবাদিক বৈঠকে উল্লেখ করে বলেন, ২০১০-১৪য় গড় খাদ্যশস্য উত্পাদন হয়েছে ২৫৫ মিলিয়ন টন। মোদী জমানার চার বছরে ২০১৭-১৮য় তা বেড়ে হয়েছে ২৮০ মিলিয়ন টন। কেন্দ্রীয় সরকার কৃষক উন্নয়নে নানা স্কিম এনেছে, যাতে শুধুমাত্র উত্পাদনে গুরুত্ব দেওয়ার বদলে তাদের আয়বৃদ্ধিতে জোর দেওয়া হয়েছে। সেজন্যই সরকার হর্টিকালচার, ফিশারি, ডেয়ারি ক্ষেত্রে উত্পাদনের ওপর জোর দিচ্ছে। রাধামোহন দাবি করেন, ২০১০-১৪য় হর্টিকালচার উত্পাদনের পরিমাণ ছিল ২৬৫ মিলিয়ন টন, যা ২০১৭-১৮য় বেড়ে ৩০৭ মিলিয়ন হয়েছে। একই সময়কালে ফিশারিজেও উত্পাদন ২৬ শতাংশ বেড়েছে বলে জানান তিনি। ২০১০-১৪র তুলনায় ২০১৪-১৮য় ডেয়ারি উত্পাদনও ২৩.৬৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে তথ্য দেন কেন্দ্রীয় মন্ত্রী। গত ৫টি কেন্দ্রীয় বাজেটে এনডিএ সরকার কৃষিক্ষেত্রে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করেছে বলেও দাবি করেন তিনি। জানান, ইউপিএ আমলে কৃষিতে বরাদ্দ ছিল ১.২১ লক্ষ কোটি টাকা। এনডিএ শাসনে তা বেড়ে ২.১১ লক্ষ কোটি টাকা হয়েছে। বিহারের জন্য তাঁর মন্ত্রক কী কী করছে, জানাতে গিয়ে রাধামোহন বলেন, কেন্দ্র মোতিহারিতে মহাত্মা গাঁধী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গড়েছে যেখানে কৃষির ওপর একটি ফ্যাকাল্টি তৈরি হবে। রাজেন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়কে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয়েছে। বিহারকে বিশেষ ক্যাটাগরির মর্যাদা দেওয়ার যে দাবি মুখ্যমন্ত্রী নীতীশ কুমার তুলেছেন, সে ব্যাপারে রাধামোহন বলেন, ১৪-তম অর্থ কমিশন কেন্দ্রীয় করের ওপর রাজ্যগুলির প্রাপ্য অংশ বাড়িয়েছে।
আরও পড়ুন
সেরা শিরোনাম
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের























