এক্সপ্লোর
কর্নাটকে অন্তত ১৩০টি আসন পাবে বিজেপি, অন্যদের সাহায্য লাগবে না সরকার গড়তে, দাবি, কংগ্রেসকে তোপ অমিত শাহের

বেঙ্গালুরু: কর্নাটকে ১২ মে-র বিধানসভা ভোটের প্রচারে ইতি টেনে বিজেপি একক শক্তিতেই রাজ্যে সরকার গড়বে বলে দাবি করলেন অমিত শাহ। বিজেপি সভাপতি বলেছেন, ২২৪ সদস্যের বিধানসভায় অন্তত ১৩০টি আসন পাবে তাঁর দল এবং অন্য কোনও দলের সমর্থনের প্রয়োজনই হবে না। পাশাপাশি কংগ্রেস অগণতান্ত্রিক কায়দায় কর্নাটকে জিততে চাইছে বলে অভিযোগ করেন তিনি, বলেন, ভোটার পরিচয়পত্র উদ্ধার হওয়ায় যে কেলেঙ্কারি প্রকাশ্যে এসেছে, তাতে কংগ্রেসের মরিয়া মনোভাবই ফুটে উঠেছে। গত তিনদিনের ঘটনাবলী সারা দেশে গণতন্ত্র সম্পর্কে আগ্রহী মানুষজনকে বিরাট ধাক্কা দিয়েছে। বেঙ্গালুরুর এক ফ্ল্যাট থেকে 'ভুয়ো' ভোটার পরিচয়পত্র বাজেয়াপ্ত হওয়ার ঘটনার উল্লেখ করে এ কথা বলেন তিনি। বলেন, যেভাবে ওখানে জাল ভোটার কার্ড বানানো হয়েছে, ভোটারদের নাম ঢোকানোর ফর্মের কাউন্টারফয়েল উদ্ধার হয়েছে, কালার প্রিন্টার, কম্পিউটার পাওয়া গিয়েছে, তা থেকেই পরিষ্কার, কংগ্রেস কতটা মরিয়া। এদিন বাদামি বিধানসভা কেন্দ্রে রোড শো করেন বিজেপি সভাপতি। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া মাইসুরুর চামুন্ডেশ্বরী কেন্দ্রের পাশাপাশি বাদামি থেকেও ভোটে লড়ছেন। এক প্রশ্নের জবাবে বিজেপি ক্ষমতায় এলে বি এস ইয়েদুরাপ্পা মুখ্যমন্ত্রী পদে পুরো মেয়াদ থাকবেন বলেও জানান তিনি। বেআইনি খনি কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত রেড্ডি ভাইদের অর্থাত জি সোমশেখর রেড্ডি ও জি করুণাকর রেড্ডি ও তাদের সহযোগীদের প্রার্থী করায় কংগ্রেস বিজেপির প্রবল সমালোচনা করলেও অমিত শাহের দাবি, মাইনিং ব্যারন তথা বেআইনি খনি মামলায় অভিযুক্ত জনার্দন রেড্ডির সঙ্গে কোনও সম্পর্কই নেই বিজেপির। বলেন, আমি যা বললাম, সেটাই চূড়ান্ত।
আরও পড়ুন























