সারমেয়কে বাঁচাতে ট্রেন থামালেন মুম্বই লোকালের মোটরম্যান

মুম্বই: রেললাইনে চলে আসা একটি সারমেয়কে বাঁচাতে ট্রেন থামিয়ে দিলেন লোকালের মোটরম্যান। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে।
জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরবেলা জনবহুল চার্চগেট স্টেশনে তখন ট্রেনটি ঢুকছিল। সতর্ক মোটরম্যান দেখতে পান, রেললাইনে একটি সারমেয় দাঁড়িয়ে রয়েছে।
মোটরম্যান পি সি মীনা প্রথমে হর্ন বাজিয়ে সারমেয়টিকে সরানোর চেষ্টা করেন। কিন্তু, তাতে কোনও লাভ হচ্ছে না দেখে, তিনি ট্রেনটি থামিয়ে দেন। এরপর, এক যাত্রী লাইনে নেমে কুকুরটিকে সরিয়ে দেন।
এই ঘটনায় ওই মোটরম্যান এবং ওই যাত্রীর প্রশংসা করেন উপস্থিত বাকি যাত্রীরা। পি সি মীনাকে যখন বলা হয়, তিনি কতটা মহৎ কাজ করেছেন, মোটরম্যান ঘাড় নেড়ে স্রেফ বলেন, এমন কিছুই না।
এমনিতে, মুম্বইয়ের লোকাল ট্রেন সম্পর্কে বলা হয়ে থাকে – কারও জন্য অপেক্ষা করে না। তবে, এদিন ছিল ব্যতিক্রম। সৌজন্য মোটরম্যান পি সি মীনা।






















