PM Modi : 'খুশিতে তালি বাজাচ্ছিল, টেবিল চাপড়াচ্ছিল !' মহিলা সংরক্ষণ বিল পাস না হওয়ায় একযোগে বিরোধীদের নিশানা মোদির
Modi on Oppositions: এদিন জাতির উদ্দেশে ভাষণে আগাগোড়া কংগ্রেস-সহ বিরোধী দলগুলির নাম উল্লেখ করে করে তাদের বিরুদ্ধে নিশানা শানান প্রধানমন্ত্রী।

নয়াদিল্লি : "দেশের নারী শক্তি দেখছিল। এটা দেখে আমারও খুব দুঃখ হয়েছে যে, যখন মহিলাদের মঙ্গলের জন্য আনা এই বিল পাস করতে ব্যর্থ হয় তখন কংগ্রেস, ডিএমকে, তৃণমূল...দেশের সব পরিবারতন্ত্রী পার্টিগুলি খুশিতে তালি বাজাচ্ছিল। মহিলাদের থেকে তাঁদের অধিকার ছিনিয়ে নিয়ে এরা টেবিল চাপড়াচ্ছিল !" প্রত্যাশ মতোই মহিলা সংরক্ষণ বিল পাস না হওয়ায় বিরোধী দলগুলিকে একযোগে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।আসন বাড়িয়ে মহিলা সংরক্ষণ বিল পাস করানোর জন্য় প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা লোকসভায় পায়নি মোদি সরকার। একজোট থেকে সাফল্য়ের মুখ দেখেছে বিরোধীরা। মহিলা সংরক্ষণ বিলের পক্ষেও হলেও, এর সঙ্গে লোকসভার আসন পুনর্বিন্যাসকে জুড়ে দেওয়ার মোদি সরকারের কৌশলের বিপক্ষে ছিল কংগ্রেস, তৃণমূল সহ বিরোধীরা। শেষ অবধি তারাই শেষ হাসি হাসে। এনিয়ে আজ আগেই কংগ্রেস ও ডিএমকে-র বিরুদ্ধে নিশানা শানিয়েছেন প্রধানমন্ত্রী। "ঘৃণ্য ও তুচ্ছ রাজনীতির" কারণে এই দুই দল সংসদে মহিলা সংরক্ষণ বিল "লাইনচ্যুত" করে দিয়েছে বলে আক্রমণ করেছেন তিনি। তামিলনাড়ুর কোয়েম্বাত্তুরে নির্বাচনী জনসভা থেকে DMK-র বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছেন।
এদিন জাতির উদ্দেশে ভাষণে আগাগোড়া কংগ্রেস-সহ বিরোধী দলগুলির নাম উল্লেখ করে করে তাদের বিরুদ্ধে নিশানা শানান প্রধানমন্ত্রী। কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন, "মহিলা সংরক্ষণের বিরোধিতা করে কংগ্রেস ফের একবার প্রমাণ করে দিল যে, কংগ্রেস সংস্কার-বিরোধী দল। দেশ যে সিদ্ধান্তই নিচ্ছে কংগ্রেস তার সব বিরোধিতা করছে। খারিজ করছে। এটাই কংগ্রেসের ইতিহাস। এটাই কংগ্রেসের নেতিবাচক রাজনীতি। এটা সেই কংগ্রেস যারা জনধন, আধার, মোবাইল, মহিলা-শক্তির বিরোধিতা করেছে। কংগ্রেস ডিজিটাল পেমেন্টের বিরোধিতা করেছে। কংগ্রেস জিএসটি-র বিরোধিতা করেছে। কংগ্রেস তিন-তালাক-বিরোধী আইনের বিরোধিতা করেছে। ৩৭০ ধারা বাতিলের বিরোধিতা করেছে।"
প্রধানমন্ত্রী একইভাবে তোপ দাগেন তৃণমূলের বিরুদ্ধেও। তৃণমূল সূত্রে খবর, লোকসভায় ভোটাভুটিতে মোদি সরকার পরাজিত হওয়ার অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে ফোন করেছিলেন রাহুল গান্ধী। মোদি সরকারের আনা বিলকে পরাস্ত করার জন্য় অভিষেককে ধন্য়বাদ জানান রাহুল। তৃণমূলের তরফে ভোটাভুটিতে অংশ নেওয়ার জন্য় ২১ জন সাংসদকে পাঠানোর সিদ্ধান্ত অত্য়ন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে মন্তব্য় করেন রাহুল গান্ধী। দীর্ঘক্ষণ ধরে দু'জনের মধ্য়ে কথা হয়। বিজেপির বিরুদ্ধে হাওয়া ঘুরতে শুরু করেছে বলেও মন্তব্য় করেন দু'জনে। উল্লেখ্য, বিধানসভা ভোটে কংগ্রেস ও তৃণমূল একে অপরের বিরুদ্ধে লড়াই করছে, এরইমধ্য়ে দুই দলের শীর্ষ নেতৃত্বের মধ্য়ে এই কথপোকথন রাজ্য় রাজনীতিতে নতুন জল্পনা উস্কে দিয়েছে।























