IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে লজ্জার হার, কারণ খুঁজতে গিয়ে বেরিয়ে এল...
India vs England T20: দ্বিতীয় ম্যাচে রবি বিষ্ণোই চার ওভারে ৬০ রান খরচ করেন। চোট সারিয়ে কামব্যাক করলেও বরুণ চক্রবর্তীও নিয়ন্ত্রণ ধরে রাখতে ব্যর্থ হয়েছিলেন তাঁর বোলিংয়ে।

লন্ডন: ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি (India vs England T20 Series) সিরিজে লজ্জার হার। প্রথম ম্যাচটি বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছিল। পরের তিনটি ম্য়াচে টানা হার। শেষ ম্য়াচটি স্বাভাবিকভাবেই নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কয়েক মাস আগেই যে দলটি টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল, সেই দলটার হঠাৎ এই হাল কেন? চতুর্থ টি-টোয়েন্টিতে ভারতকে ৯ উইকেটে হেসেখেলে হারিয়ে দিয়েছিল হ্যারি ব্রুকের দল। এরপরই প্রশ্ন উঠতে শুরু হয়েছে। ঠিক কোন কারণে, কীসের ভুলে এভাবে লজ্জার হার, এভাবে সিরিজ খোয়াতে হল টিম ইন্ডিয়াকে?
এবারের ইংল্যান্ড সফরে ভারতীয় দলে ছিলেন আটজন সদস্য, যাঁরা প্রথমবার ইংল্যান্ডের মাটিতে খেলতে গিয়েছেন। সেখানকার পরিবেশে খেলা ও তা মানিয়ে নেওয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে পর্যাপ্ত অভিজ্ঞতার ঘাটতিই কি মূল কারণ? তা নিয়েই প্রশ্ন উঠছে। যেমন ভারতীয় দলে রয়েছেন অভিষেক শর্মা, তিলক বর্মা, প্রসিদ্ধ কৃষ্ণ, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, প্রিন্স যাদব, বৈভব সূর্যবংশী ও সঞ্জু স্যামসন। এছাড়া রয়েছেন সূর্যাংশ শেডগেও। এরা কেউই আগে ইংল্যান্ডের মাটিতে কোনও আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজ খেলেননি। কেবলমাত্র পাঁচজন সদস্য, শ্রেয়স আইয়ার, অক্ষর পটেল, ঈশান কিষাণ, অর্শদীপ সিংহ ও রবি বিষ্ণোই এর আগে ইংল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন।
এই পরিস্থিতিতে শুধু অভিজ্ঞতাকে দোষ দেওয়াটাই ভুল হতে পারে। কারণ সিনিয়র দলের হয়ে না খেললেও প্রত্যেকেই মোটামুটি ইংল্যান্ডের মাটিতে ভারতীয় এ দল হোক বা কাউন্টি ক্রিকেটে কোনও না কোনওভাবে অংশ নিয়েছেন। বরঞ্চ পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হওয়াটাই হতে পারে এবারের সিরিজ হারের অন্য়তম কারণ। অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশী বড় রান গড়তে পারেননি ওপেনিংয়ে। ঈশান কিষাণও ছন্দহীন ছিলেন। প্রথম ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর পরের দুই ম্যাচে করেন যথাক্রমে ১৩ ও ৪ রান। সহ অধিনায়ক তিলক বর্মা চার ইনিংসে মাত্র ৫১ রান করেন। আর অলরাউন্ডার শিবম দুবে ভালো শুরুর পর টানা দুই ম্যাচে দুই অঙ্কের রানও করতে পারেননি।
আবার বোলিং বিভাগেও একই ধরনের অসঙ্গতি দেখা যায়। দ্বিতীয় ম্যাচে রবি বিষ্ণোই চার ওভারে ৬০ রান খরচ করেন। চোট সারিয়ে কামব্যাক করলেও বরুণ চক্রবর্তীও নিয়ন্ত্রণ ধরে রাখতে ব্যর্থ হয়েছিলেন তাঁর বোলিংয়ে। পরের ম্য়াচে ওয়াশিংটন সুন্দরকে খেলানো হয়। এমনকী আর্শদীপ সিংও নিজের স্বাভাবিক প্রভাব ফেলতে পারেননি। তৃতীয় ম্যাচে কোনও উইকেট পাননি ও চতুর্থ ম্যাচে মাত্র একটি উইকেট নেন। ব্যাটে-বলে সব বিভাগেই ব্যর্থ হওয়ার খেসারতই হয়ত সিরিজে দিতে হল ভারতীয় ক্রিকেট দলকে। ১১ জুলাই, শনিবার সিরিজের শেষ টি-টোয়েন্টিতে দুটো দল মুখোমুখি হবে।




















