Indian Cricket: কুড়ির ফর্ম্য়াটে ভারত চ্যাম্পিয়ন হওয়ার পরই বড় বার্তা কোটাকের, কী বলছেন গম্ভীরের সহকারী?
WTC 2025-2027: গম্ভীর কোচ হয়ে আসার পরই অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ হারা, নিজেদের ঘরের মাঠে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও সিরিজে হারতে হয়েছে।

মুম্বই: ওয়ান ডে ফর্ম্য়াটে ও টি-টোয়েন্টি ফর্ম্য়াটে দুটো আইসিসি ট্রফি জিতেছে ভারত গত ২ বছরে। আর দুটোই এসেছে গৌতম গম্ভীরের কোচিংয়ে। কিন্তু টেস্ট ফর্ম্য়াটে হাল ততটাই খারাপ। গম্ভীর কোচ হয়ে আসার পরই অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ হারা, নিজেদের ঘরের মাঠে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও সিরিজে হারতে হয়েছে। এমনকী দুটো সিরিজেই হোয়াইটওয়াশ হতে হয়েছে। এই পরিস্থিতিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের মোমেন্টাম টেস্ট ফর্ম্য়াটেও নিয়ে আসার বিষয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ সিতাংশু কোটাক। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেওয়ার জন্য মরিয়া চেষ্টা করবে শুভমন গিলের দল, এমনটাই মনে করেন তিনি।
এক সাক্ষাৎকারে সিতাংশু জানান, ''কলকাতার মাটিতে টেস্টে খুব বাজে খেলেছিল ভারত। কিন্তু বিরাট চাপও ছিল। লাল বলের ক্রিকেটেও আমাদের দল কিন্তু দুর্দান্ত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেনে ম্য়াচটা হেরেছিলাম বাজেভাবে। তবে শুভমনের চোটটাও একটা ফ্যাক্টর হয়ে গিয়েছিল। কিন্তু আমরা ভাল খেলতে পারিনি, এটাই সত্যি। আর আমরা মেনেও নিয়েছিলাম তা। আমাদের প্লেয়াররাও মানুষ। ওদেরও খারাপ সময় আসে। পরের ম্য়াচে আমরা টস হেরেছিলাম আর ম্য়াচ আমাদের পক্ষেও যায়নি। যার ফলে দুটো টেস্টই হারতে হয়েছিল। বিষয়টা হজম করা একটু কঠিন আমি জানি। কিন্তু আমি আশাবাদী যে এখান থেকেই দল ঠিক টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার রাস্তা বের করে নেবে। নিজেদের পরিকল্পনা মত খেলে আমরা আমাদের লক্ষ্যে ঠিকই পৌঁছে যাব।''
এই মুহূর্কে বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ভারত এই মুহূর্তে ষষ্ঠ স্থানে রয়েছে। ৯ টেস্টে খেলতে নেমে ভারত মাত্র চারটি জিতেছে। চারটি ম্য়াচ হেরেছে তারা। একটি ম্যাচ ড্র করেছে গিল বাহিনী। জয়ের শতকরা হার ৪৮.১৫%।



















