Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
IND vs SL: সালটা ২০০৫। দিল্লিতে ভারত ও শ্রীলঙ্কার টেস্ট ম্য়াচ চলছিল। সেই ম্য়াচে গৌতম গম্ভীরের সঙ্গে ভারতের ব্যাটিংয়ের ওপেনে নেমেছিলেন পাঠান।

মুম্বই: বিশ্ব ক্রিকেটে যে কয়েকজন ভদ্র ক্রিকেটার রয়েছেন, তাঁদের মধ্য়ে প্রথমসারিতে থাকবেন কুমার সাঙ্গাকারা(Kumar Sangakkara)। কিন্তু সেই সাঙ্গাকারাই না কি একবার ভীষণ রেগে গিয়েছিলেন। তাও আবার ভারতের বিরুদ্ধে টেস্ট ম্য়াচের মাঝেই। সেই স্মৃতিচারণা করলেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান(Irfan Pathan)। এমনকী সাঙ্গা নাকি ভারতীয় প্লেয়ারদের দিকে তাকিয়ে এমনও বলেছেন যে 'প্রতারণা করাটা তোমাদের বাড়িতে শেখানো হয়'। কিন্তু হঠাৎ কী এমন হয়েছিল? ২১ বছর আগের একটি ঘটনার কথা তুলে ধরেছেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার।
সালটা ২০০৫। দিল্লিতে ভারত ও শ্রীলঙ্কার টেস্ট ম্য়াচ চলছিল। সেই ম্য়াচে গৌতম গম্ভীরের সঙ্গে ভারতের ব্যাটিংয়ের ওপেনে নেমেছিলেন পাঠান। তিনি বলেন, 'দিল্লিতে সেই টেস্টে আমি ব্য়াট হাতে ৯৩ রানের ইনিংস খেলেছিলাম প্রথম ইনিংসে। যখন আমাদের ব্যাটিং শেষ হল, আমরা বল করতে গিয়েছিলাম তখন বলের বাক্সটি বদলে গিয়েছিল বা তেমন কিছু একটাই হয়েছিল। যা নিয়ে শ্রীলঙ্কার ক্রিকেটাররা একেবারেই খুশি ছিল না।'
জিওস্টারে এক শোয়ে এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে পাঠান আরও বলেন, 'সেই শ্রীলঙ্কা দলে সাঙ্গাকারাকেই সবচেয়ে বিরক্ত মনে হচ্ছিল। আমি যখন ফের ব্য়াটিং করতে নামি, আমি জানতামও না যে কী হতে চলেছে। আমি মুরলিথরণকে দুটো ছক্কা হাঁকিয়েছিলাম। হঠাৎ সাঙ্গাকারা আমার কাছে এসে বলতে থাকে তোমরা প্রতারণা করেছ। তোমাদের বাড়িতে এগুলো শেখানো হয়..আরও কত কিছু। আমিও পাল্টা তখন মুখ খুলেছিলাম কারণ বিষয়টা ব্যক্তিগত পর্যায়ে চলে যাচ্ছিল তখন।'




















