Indian Cricket Team: দলের পরিবেশের ভূয়সী প্রশংসায় গিল, বুমরারা, টিম ইন্ডিয়ার তরুণরা হাসি ফোটাচ্ছেন সূর্যকুমারের মুখে
Asia Cup 2025: শুক্রবার দুবাইয়ে এশিয়া কাপের আগে প্রথমবার অনুশীলন সারে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল।

দুবাই: নিজেদের এশিয়া কাপের (Asia Cup 2025) খেতাব ডিফেন্ড করার লক্ষ্যে দুবাইয়ে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। আইসিসি ক্রিকেট অ্যাকাডেমির মাঠে অনুশীলনেও নেমে পড়েছে গোটা দল। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বাধীন দল ১০ সেপ্টেম্বর থেকে নিজেদের খেতাব ডিফেন্ড করার লক্ষ্যে মাঠে নামবে। তার আগে টিম ইন্ডিয়ার অনুশীলনে উচ্ছ্বাস, আত্মবিশ্বাস ও ইতিবাচক হাবভাব দেখা গেল।
দলের অন্দরের পরিবেশ, অনুশীলন নিয়ে মুখ খুললেন দলের অধিনায়ক সূর্য, সহ-অধিনায়ক শুভমন গিল থেকে যশপ্রীত বুমরারা। সূর্যকুমার যাদব যেমন দলের তরুণদের দক্ষতার প্রশংসা করেন। তিনি বলেন, 'যখন আমার আশেপাশে এমন দারুণ দক্ষ খেলোয়াড়দের দেখতে পাই, তখন স্বাভাবিকভাবেই আমার মুখে হাসি ফোটে। ওরা যেভাবে নিজেদের সর্বস্বটা উজাড় করে দেয়, সেটাই তো আমি আমার দলের থেকে চাই। ওরা মাঠে এই খেলাটা, অনুশীলন করাটা খুবই উপভোগও করে।'
ভারতীয় টি-টোয়েন্টি দলের নবনিযুক্ত সহ-অধিনায়ক শুভমন গিলকে বলতে শোনা যায়, 'স্বাভাবিকভাবেই আমি খুবই উচ্ছ্বসিত। আমার মতে গোটা গ্রুপটাই দারুণ। যেভাবে আমরা টি-টোয়েন্টি ক্রিকেটটা খেলছি তা এক কথায় বলতে গেলে অত্যন্ত দৃষ্টিনন্দন, ভাল ক্রিকেট। আমি এই দলের সঙ্গে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি।'
প্রায় এক বছর ভারতের হয়ে টি-টোয়েন্টি ম্যাচ খেলেনি। এই এশিয়া কাপের মাধ্যমেই ফের একবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে দেখা যাবে গিলকে। তিনি অবশ্য একা নন, বুমরাও কিন্তু এশিয়া কাপের মাধ্যমেই দলে কামব্যাক করছেন। দলের বোলিং আক্রমণকে নেতৃত্ব দেবেন তিনি। তরুণ ক্রিকেটারদের সঙ্গে সাজঘর ভাগ করে বুমরার কিন্তু বেশ ভালই লাগছে। তিনি বলেন, 'বহুদিন পরে টি-টোয়েন্টি গ্রুপের সঙ্গে যোগ দিয়েছি আমি। দলে তরুণ ক্রিকেটার রয়েছে, তারুণ্যের উচ্ছ্বাস দেখা যাচ্ছে। মাঠে নামার জন্য তর সইছে না।'
𝙍𝙚𝙘𝙝𝙖𝙧𝙜𝙚𝙙 𝘼𝙣𝙙 𝙍𝙚𝙛𝙧𝙚𝙨𝙝𝙚𝙙! ⚡️💪#TeamIndia raring to GO! 👏 👏
— BCCI (@BCCI) September 6, 2025
WATCH 🎥🔽 #AsiaCup2025https://t.co/9hKXSyrnK0
বুমরার মতোই একই সুরে কথা বলে হার্দিক জানান, 'দলে তরুণ প্রতিবাবান ক্রিকেটারে ভরপুর এবং দেখে সকলকেই বেশ ভালই মনে হচ্ছে।' শিবম দুবেও কিন্তু দলের পরিবেশের প্রশংসায় পঞ্চমুখ। 'দলের পরিবেশ এত ভাল হওয়ায় আমার দারুণ উপভোগ করছি। কোচ আমাদের সকলকেই একটা কথাই বলেন, দেশের হয়ে খেলাটা সবসময়ই নতুন কিছু করার সুযোগ। আমি এটাই বেদবাক্য মনে করে প্রচুর খেটেছি এবং আগের থেকে আরও ভাল ক্রিকেটার হয়েছি।' মত দুবের।



















